উদ্বোধনের পর গত শুক্রবার রাত ১২টা পর্যন্ত পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা। সর্বমোট ১০ মাস ১৭ দিন তথা ৩২১ দিনে এ টোল আদায় করা হয়। সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছন।
তিনি জানান, উদ্বোধন থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুতে যানবাহন পারাপারে টোল আদায় করা হয়েছে ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা ও শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকার টোল আদায় করা হয়েছে।
শিগগিরই পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় তথা আধুনিক পদ্ধতিতে টোল আদায় শুরুর ইঙ্গিত দিয়ে সেতু বিভাগের অতিরিক্ত পরিচালক আরও জানান, এ সময়ে সেতুর উভয় প্রান্ত হয়ে সর্বমোট ৪৯ লাখ ৪ হাজার ৫০৭টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে মাওয়া প্রান্ত হয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি যানবাহন ও জাজিরা প্রান্ত হয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।
এদিকে, গেল ঈদুল ফিতরের সামনে গত ২০ এপ্রিল মোটরবাইক চলাচল শুরু হলে পদ্মা সেতুতে টোল আদায়ের পরিমাণ বেড়েছে। এ পর্যন্ত একদিনেই সেতুতে সর্বোচ্চ টোল আদায় করা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা। আর একদিনে সর্বোচ্চ ৫০ হাজারের বেশি যানবাহন পারাপার হয়েছে।