ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজের কারণে পান্থকুঞ্জ পার্ক ধ্বংস ও হাতিরঝিল ভরাটের কাজ অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি)। গতকাল শনিবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘হাতিরঝিল, পান্থকুঞ্জ পার্ক এবং সংলগ্ন এলাকার ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনাগত প্রভাব : আইপিডির পর্যবেক্ষণ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ সব কথা বলেন।
ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প শুরু থেকেই অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে; যা জনদুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে এই প্রকল্পের মাধ্যমে দেশের আইন, পরিকল্পনা ও যথাযথ পদ্ধতির তোয়াক্কা না করে হাতিরঝিলের জলাধার ভরাটের মাধ্যমে পরিবেশ ধ্বংস করেছে। কোনো ধরনের পরিকল্পনাগত প্রভাব বিশ্লেষণ ছাড়াই নতুন করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য পলাশী পর্যন্ত সংযোগ সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, যা হাতিরঝিল প্রকল্পের সার্বিক লক্ষ্য ও উপযোগিতাকে মারাত্মকভাবে ব্যাহত করবে।
তারা আরও বলেন, এই প্রক্রিয়া না থামানো গেলে পান্থকুঞ্জ পার্ক নষ্ট করবার পাশাপাশি পলাশী পর্যন্ত বিদ্যমান রাস্তার উপযোগিতাও নষ্ট হবে। এই এলাকার মানুষজনের জীবনযাত্রাও ব্যাহত হবে। মেগাপ্রজেক্টের বিনিয়োগ ফেরত আনা ও ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ করে দেওয়ার এই আয়োজনের মাধ্যমে শহর ধ্বংস করবার যাবতীয় আয়োজন করা হয়েছে, যা অনতিবিলম্বে বন্ধ করা উচিত।
অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইপিডির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান। অন্যান্যের মধ্যে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন-আইপিডি উপদেষ্টা অধ্যাপক ড. আকতার মাহমুদ, আইপিডির পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক আহমেদ কামরুজ্জামান মজুমদার প্রমুখ।