কোট গাউন পরতে হবে না বিচারক আইনজীবীদের

তীব্র দাবদাহে হাঁসফাঁস অবস্থার মধ্যে স্বস্তির খবর পেলেন অধস্তন আদালতের বিচারক ও আইনজীবীরা। গরমে কর্মসময়ে তাদের কালো কোট ও গাউন পরার আবশ্যকতা নেই। গতকাল শনিবার ওই নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশনা আজ রবিবার থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

প্রতি বছর গরমের শুরুতে আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তনের দাবি ওঠে। কিছুদিন ধরে দেশে অসহনীয় তাপপ্রবাহ চলছে। গত বৃহস্পতিবার ঢাকার আদালত এলাকায় শফিউল আলম আলাউদ্দিন নামে এক আইনজীবীর মৃত্যুর খবর আসে।

চিকিৎসকের বরাতে আইনজীবীরা জানান, প্রচন্ড গরমে তিনি হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। অনেক আইনজীবী অসুস্থ হচ্ছেন। গরমের সময় আইনজীবীদের ড্রেস কোড পরিবর্তন চেয়ে কয়েক দিনে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ (সুপ্রিম কোর্ট)

বিভিন্ন বারের আইনজীবীরা প্রধান বিচারপতির কাছে আবেদন জানান। মার্চ থেকে অক্টোবরে আইনজীবীদের কালো কোট পরিধান ‘ঐচ্ছিক’ করতে বাংলাদেশ বার কাউন্সিলেও আবেদন করেন কয়েকজন আইনজীবী।

শুনানিকালে বিচারক-আইনজীবীদের পরিধেয় পোশাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে গতকাল সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারকদের নিয়ে বৈঠক করেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৈঠক শেষে সুপ্রিম কোর্ট প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এর আগে করোনাকালে আইনজীবীদের ড্রেস কোড নিয়ে ২০২১ সালের ৩০ মার্চ তারিখের বিজ্ঞপ্তি পুনর্বহাল করে। এতে বলা হয়, আজ রবিবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত/ট্রাইব্যুনালসমূহের বিচারক ও আইনজীবীরা ক্ষেত্রমতো সাদা ফুল শার্ট বা সাদা শাড়ি/সালোয়ার-কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এ ক্ষেত্রে কালো কোট ও গাউন পরিধান করার অবশ্যকতা নেই।