তিন ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে আয়ারল্যান্ড।
চেমসফোর্ডে রবিবার বাংলাদেশ সময় ৩টা ৪৫ মিনিটে খেলা মাঠে গড়াবে। টস অনুষ্ঠিত হয়েছে ৩টা ১৫ মিনিটে। যেখানে জয়ী আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
চোটের কারণে এ ম্যাচে অভিজ্ঞ সাকিব আল হাসানকে পাচ্ছে না টাইগাররা। তার জায়গায় একাদশে এসেছেন রনি তালুকদার। ওয়ানডে অভিষেক হচ্ছে এই ব্যাটারের। আর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুনের।
আগের ম্যাচের একাদশে মোট তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। সাকিবের জায়গায় রনি, পেসার মৃত্যুঞ্জয় খেলছেন আরেক পেসার শরিফুল ইসলামের জায়গায়। আর তাইজুল ইসলামের জায়গায় একাদশে এসেছেন মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা হয়নি তার।
আয়ারল্যান্ডের একাদশে পরিবর্তন একটি। গ্রাহাম হিউমের বদলে একাদশে এসেছেন ক্রেইগ ইয়াং।
সিরিজের প্রথম ম্যাচটি পুরোপুরি হতে পারেনি। প্রথমে ব্যাট করা বাংলাদেশের ইনিংসের খেলা পুরোটা হলেও আইরিশদের ইনিংসে বৃষ্টি হানা দেয়। তাই পণ্ড হয় ম্যাচ। এরপর দ্বিতীয় ওয়ানডেতে জিতে নেয় বাংলাদেশ। সুবাদে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। তিন ম্যাচের এই সিরিজটি আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ।