মায়ের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর ও অবিচ্ছেদ্য। অধিকাংশ মানুষেরই মায়ের সঙ্গে প্রথম বিচ্ছেদ সঙ্গে শিশুশ্রেণিতে ভর্তি হওয়ার পর। এই প্রথম আমরা মায়ের কাছ থেকে দীর্ঘসময় দূরে থাকি। পরে শিক্ষাজীবনের তাগিদেই মায়ের কাছ থেকে দূরে, পরিবারের কাছ থেকে দূরে থাকতে হয়। একাকি দিন কাটতে থাকে হোস্টেল, মেস বা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ছাত্র হল বা ছাত্রী হলে। ব্যস্ততায় জীবন চলতে থাকে জীবনের মতো, মাকে ছাড়া থাকার বাস্তবতা মেনে নিয়েই। বিশ্ব মা দিবস উপলক্ষ্যে কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন তাদের মাকে মনে পড়ার অনুভূতি।
আমরা তাদের চারটি প্রশ্ন করেছিলাম-
* মায়ের সঙ্গে প্রথম বিচ্ছিন্ন হওয়ার স্মৃতি কোনটি?
* মায়ের সঙ্গে সবচেয়ে আনন্দদায়ক স্মৃতি কোনটি?
* কোন পরিস্থিতিতে এখনো মাকে মনে পড়ে? এবং
* মাকে কি কখনো বলেছেন ‘ভালোবাসি’?
দেশ রূপান্তরের পক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন অহিদুল ইসলাম অন্তর, সিফাত রাব্বানী ও আহমেদ মানিক
আমি অষ্টম শ্রেণিতে ভর্তি হই ঢাকার সেন্ট্রাল গার্লস স্কুল অ্যান্ড কলেজে। সেই প্রথম মা থেকে দূরে থাকা। যখন দেখতাম সহপাঠীরা মাকে সঙ্গে নিয়ে স্কুলে আসতো তখন কান্না পেত। মায়ের সঙ্গে আমার সবচেয়ে খুশির স্মৃতি এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার স্মৃতি। সেদিন আমি সবচেয়ে আনন্দময় দিন কাটিয়েছি। মা আমার আইডল। এখনো যেকোনো নতুন কাজ করতে গেলে মায়ের কথা মনে পড়ে। কখনো সরাসরি বলা হয়নি। তবে, ফোনে প্রায়ই বলি, আই লাভ ইউ মা। অনেক ভালোবাসি তোমাকে।
-পিংকি আক্তার
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ
ক্লাস সেভেনে গ্রাম থেকে শেরপুর শহরের আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুলে ভর্তি হই। এই প্রথম মায়ের থেকে দূরে থাকি। অনেক মিস করতাম। প্রায়ই ফোনে কথা বলতাম। মার সঙ্গে আনন্দময় স্মৃতির অভাব নেই। না বলে হঠাৎ করেই বাসায় চলে গিয়ে মাকে সারপ্রাইজ দেই। সবচেয়ে স্মরণীয় মুহুর্ত হলো যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। মা অনেক খুশি হয়েছিল। অবসর সময়ে মাকে খুব মনে পড়ে। সরাসরি দেখা করার সুযোগ না থাকায় ফোনে কথা বলি। অনেক ভালোবাসি মাকে কিন্তু বলা হয়নি।
-শরিফুল ইসলাম সোহান
পরিবেশ বিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
মায়ের কাছ থেকে প্রথম বিচ্ছিন্ন হয়েছিলাম যখন এইচএসসি পরীক্ষা দিতে প্রথম লালমনিরহাটে ছাত্রাবাসে উঠি। বাড়ি থেকে বিদায়ের আগে মা আমার সব কিছু গুছিয়ে দিয়েছিলেন। মাঝেমধ্যে পাশের রুমে গিয়ে কান্না করতো। আমাকে হাসিমুখে বিদায় দিলেও মার দুচোখ অশ্রুতে টলটল করছিল। মার সঙ্গে আমার সবচেয়ে আনন্দময় স্মৃতি হলো এসএসসি পরীক্ষার ফল পাওয়ার দিন। আমি যখন রেজাল্ট বলি, বাবা মারা যাওয়ার পর সেই প্রথম আমি মায়ের মুখে হাসি দেখি। সেটাই আমার জীবনে সবচেয়ে আনন্দঘন মুহুর্ত। যখন দেখি অন্য কারও মা তার সন্তানকে আদর করছে, ছেলেকে নিয়ে ঘুরতে বের হয়েছে, বিশেষ করে কাউকে যদি তার মায়ের হাতে খেতে দেখি, তখনি মায়ের কথা খুব মনে পড়ে। মা আমাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন। মাকে মুখ ফুটে কখনো বলা হয়নি, ভালোবাসি।
-পলাশ চন্দ্র রায়
ফার্মেসী বিভাগ, গণ বিশ্ববিদ্যালয়, সাভার, ঢাকা
মা যখন রাজশাহী যান মিডওয়াইফারি কোর্স করতে, সেই প্রথম মায়ের কাছ থেকে দূরে থাকা। তখন বয়স আমার ১৪। উঠতি বয়স, হঠাৎ মা ছাড়া থাকাটা আমার জন্য অন্য রকম অভিজ্ঞতা। মা আমাদের পরিবারের জন্য ভীষণ পরিশ্রম করেছেন। মায়ের সঙ্গে সব স্মৃতিই আনন্দময়। মাকে যখন সাফল্যের কথা জানাতাম মায়ের মুখটা খুশিতে ভরে উঠতো। খাওয়ার সময় মাকে সবচেয়ে বেশি মনে পড়ে। মায়ের হাতের রান্না সবসময় অতুলনীয়।
মাকে ভালবাসি কথাটি বলা হয়ে ওঠেনি। বলতে খুব ইচ্ছে হয় কিন্তু কেন জানি বলা হয়ে ওঠে না।
-খালেদ ফেরদৌস মুন
বীজ প্রযুক্তি বিভাগ, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা
প্রথম পড়াশোনার জন্য ঢাকাতে আসাই মায়ের সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার প্রথম স্মৃতি। জন্মের পর থেকে বিশ বছর পর্যন্ত মায়ের ভালবাসা, আদর, শাসনে, তার কাছেই বড় হয়েছি। মায়ের সঙ্গে আনন্দময় স্মৃতির অভাব নেই। বর্তমানে ঈদের ছুটিতে বাসায় মায়ের সঙ্গে কাটানো সময়গুলোই সবচেয়ে আনন্দময় স্মৃতি। মাকে সবসময়ই মনে পড়ে। পড়ার কথাও। আমি প্রচণ্ড অগোছালো। বাসায় সব কাজ মা করে দিতেন। আর অগোছালো স্বভাবের জন্য বকাও দিতেন। ঢাকায় এটাই মিস করি। আমার মায়ের হাতের রান্না অতুলনীয়। মায়ের রান্নাও মিস করি। মাকে ভালোবাসি কিন্তু কখনও বলা হয়নি ‘মা, তোমাকে ভালোবাসি’। আর কখনও বলা হবে কিনা জানি না। তবে পৃথিবীর প্রত্যেকটা মা জানুক তাদের সন্তান তাদেরকে ভালবাসে।
-এস এম তৌফিকুল ইসলাম
ইংরেজী বিভাগ, তেঁজগাও কলেজ, ঢাকা
আমি যখন পড়াশোনা জন্য আমার জন্মশহরের বাইরে থাকতে শুরু করি তখন প্রথম মায়ের থেকে আলাদা থাকতে হয়েছে। জানতাম মায়ের কথা অনেক মনে পড়বে, খারাপ লাগবে তবু মায়ের থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। পরিবারের সকলে মিলে যখন আমরা গল্প করি সে সময়ে মাকে অনেক খুশি দেখি। মায়ের সঙ্গে সেটাই আমার সবচেয়ে আনন্দের স্মৃতি। আমি যখন পড়াশোনার জন্যে শহরের বাইরে একা থাকি তখন মনে পড়ে, যখনই একা রান্না করি, মায়ের হাতে রান্না করা খাবারের কথা অনেক মনে পড়ে। না, মাকে কখনো বলা হয়নি তাকে কতটা ভালোবাসি।
-সাবিকুন্নাহার মিম
সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, বরেন্দ্র ইউনিভার্সিটি রাজশাহী
আমি যখন উচ্চমাধ্যমিকে ভর্তি হলাম তখন আমি মায়ের থেকে আলাদা থাকতে শুরু করি। জন্মের পর থেকে এত বছরের নির্ভরশীলতার ব্যতয় ঘটে।
মায়ের সঙ্গে কাটানো সবগুলো মূহূর্তই আমার কাছে সেরা। কিন্তু সেরাদের সেরা মূহূর্ত আমি বলব, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্টের দিন।
মাকে মনে পড়ে সব সময়। তবে হলে অসুস্থ হয়ে পড়লে এবং ডাইনিং নামক পাঁচ তারকা রেস্টুরেন্টে খেতে গিয়ে ভীষণভাবে মনে পড়ে। আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি আমার মাকে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য এখনো বলা হয়নি ‘মা তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি’।
-মোশারফ হোসেন
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
আমার আম্মার সঙ্গে প্রথম বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটে যখন আমি ক্লাস থ্রিতে পড়ি। আমি আমার দাদির সঙ্গে আমার আব্বার মামার বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে বেশ কদিন থাকার কথা ছিল। তবে যেদিন যাই সে রাতেই আমি বাড়ি ছাড়া, মাকে ছাড়া থাকতে পারছিলাম না। একদিন পরই আমি বাড়িতে চলে যাই। আম্মার সঙ্গে সবচেয়ে মজা লাগে যখন তাকে খেপানো হয়, রান্নার সময় দুষ্টামি করতে পারা যায়, এটা-ওটা রান্না করে খাওয়ানোর জন্য বায়না করা হয় সেই মুহূর্তগুলো অনেক স্মৃতিকাতর করে ফেলে মাঝে মাঝে। ব্যস্ততা-অবসর দুইসময়েই মাকে মনে পড়ে। বিশেষ করে যখন কোনো বিশেষ অনুষ্ঠান হয় বা পারিবারিক কোনো অনুষ্ঠান হয় এবং পড়াশুনার কারণে আমাকে ঢাকায় থাকতে হয় তখন মাকে বেশি মনে পড়ে। ‘ভালোবাসি’ এটা শুধু একবারই বলা হয়েছে। গত বছর ভালোবাসা দিবসে ফোনে মেসেজিং করে কিছু মনের ভাব জুড়ে দিয়ে বলেছিলাম ‘ভালোবাসি’। তাছাড়া বলা হয়নি কখনো। আর না বললেও বা কি? বাবা-মা'র প্রতি সন্তানদের ভালোবাসা আর সন্তানদের প্রতি বাবা-মার ভালোবাসা কখনও ভাষায় প্রকাশ করার মতো নয়, অনুভব করা যায় মাত্র।
-রাহাত
ইংরেজি বিভাগ, গ্রিন ইউনিভার্সিটি বাংলাদেশ
বিশ্ববিদ্যালয় জীবনে এসে প্রথম মা থেকে আলাদা হওয়া। আমাদের ছেলেবেলায় মা গরমকাল এলেই নানান পদের আমের আচার বানাতেন। তখন আমাদের ভাইবোনদের মাঝে উৎসব উৎসব রোল পড়ে যেতো। এখন মায়ের আগের সেই বয়স না থাকায় এগুলো আর হয়ে ওঠে না, আমরাও যে যার মতো ব্যস্ত। ছেলেবেলার এই আনন্দঘন স্মৃতিটি মনে পড়ে। এখনো বাসায় গেলে মা আমাদের তিন ভাইবোনকে একসাথে খাবার খাইয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের হলে থাকাকালীন এই ব্যাপারটি বেশি মনে পড়ে। তবে এতো কাছাকাছি থেকেও কেন যেন মাকে কোনদিন ভালোবাসি কথাটা মুখে বলা হয়ে ওঠেনি! মুখে বলার তুলনায় লেখাটা বোধহয় অনেক সহজ। লিখে দিলাম, ‘মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি’।
-আফিয়া সিদ্দিকা রাইসা
পুরকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
২০১২ সালে যখন আম্মু ইংল্যান্ডে চলে যায় দুই বছরের জন্য, তখনই আম্মুর সাথে প্রথম বিচ্ছিন্ন হই। কতটা মন খারাপ হয়েছিলো বলে বোঝানো মুশকিল। এখন বড় হয়েছি। ছোটবেলায় সন্ধ্যা হলে আম্মুর সাথে পড়তে বসার সময়টাই বেশি মনে পড়ে। এখন মেসে খাবার খাওয়ার সময় আম্মুর কথা বেশি মনে পড়ে, আম্মুর হাতের খাবার যদি হতো তাহলে বুঝি খাওয়া যেত আরো আয়েশ করে। আম্মুকে ভালোবাসি তবুও আম্মুকে এখনো ভালোবাসি বলতে পারিনি।
-নেহাল ইসলাম
ব্যবসায় প্রশাসন বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি
আমি স্নাতকে ভর্তি হলাম দু বছর হলো, তখনই মায়ের থেকে দূরে চলে আসা। মায়ের সাথে গল্প করার সময়গুলো ভীষণ মনে পড়ে। একসাথে খেতে বসে অনেক গল্প করা হতো, এখন যা হচ্ছে না। মায়ের রান্নাই আমার সবচেয়ে পছন্দের। তাই মায়ের থেকে দূরে গিয়ে থালা হাতে খেতে বসলেই মাকে ভীষণ মনে পড়ে! মায়ের রান্না খুব মিস করি। মাকে ভীষণ ভালোবাসি। ঠিক কতটা ভালোবাসি সেটা কোনো পরিমাপ করা যাবে না। আয়োজন করে কখনো বলা হয়নি ‘ভালোবাসি তোমায় মা’। মাকে শুধু মা দিবসে না, সবসময় ঠিক একইরকম ভালোবাসি।
-সামিয়া ইসলাম
ইতিহাস বিভাগ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল
উচ্চশিক্ষা অর্জন করতে এসে প্রথম বারের মতো মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হতে হয়। মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়া এক অন্য রকম অব্যক্ত কষ্টের। মায়ের সাথে কাটানো প্রতিটি মুহূর্তই আনন্দের। ছোটবেলায় যখন জ্বর আসতো ভীষণ ভয় পেতাম। কারন ঘুমোলেই শুধু ভয়ের স্বপ্ন দেখতাম। এমনকি জেগে থাকলেও মনে হতো কি যেন আমার দিকে তাকিয়ে আছে, আমার চারপাশে ঘোরাফেরা করছে। তখন আমার মা সবসময় আমার সাথে থাকতো সব কাজ ফেলে দিয়ে। বিশ্ববিদ্যালয়ের হলে যখন খাবার খেতে যায় প্রায় সময়ই মায়ের কথা মনে পড়ে যায়। মা এমন একজন মানুষ যার হাতের সমস্ত রান্না অমৃতের মতো লাগে। কেন যেন মাকে ভালোবাসি কথাটা মুখ ফুটে বলা হয়ে উঠেনি এখনো। আমার মনে হয় মাকে ভালোবাসি বলাটা যতটা না জরুরি তার থেকে জরুরি হচ্ছে তাদের মনে কষ্ট না দেয়া।
-হাসান মোহাম্মদ সাকিব
ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বরাবরই মায়ের সঙ্গে একসঙ্গে থাকা হতো, কিন্তু ভার্সিটিতে পড়বো বলে যেদিন বাড়ি ছাড়ি সেদিনই প্রথম মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা শুরু।
মায়ের সাথে আমার সবচেয়ে আনন্দের মূহূর্ত হলো প্রতিদিন সন্ধ্যায় যখন মায়ের মাথায় তেল দিতে দিতে দুজন মিলে খোশগল্প জুড়ে বসতাম, সেগুলো। এই স্মৃতি আমার প্রায়ই মনে পড়ে। চারপাশের মানুষের আচরণ ব্যবহার দেখে যখন ব্যাথিত হই, অসুস্থ লাগে তখন মনে হয় কতই না ভালো ছিলাম মায়ের আদর যত্নে। আমি প্রতি ঈদেই বিশুদ্ধ মনে মায়ের কপালে চুমু এঁকে মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করি।
-সানজিদা ইসলাম
পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
এসএসসি পাস করার পরে যখন আমি কলেজে পড়তে এলাম তখনই প্রথম আমি আম্মুর থেকে আলাদা থাকি। বন্ধুবান্ধব, ক্লাস, নিজের কাজ যখন করতে শুরু করলাম তখন ধীরে ধীরে আমি আলাদা থাকার কষ্টটা মেনে নিতে শুরু করলাম। আমার আম্মু অনেক ভালো নকশীকাঁথা সেলাই করেন এবং তার নকশাও নিজেই করেন। আমি নিজেও নকশা আঁকতে পারি, বাড়িতে থাকাকালীন অনেক কাঁথার নকশা আমি নিজেই করেছি উঠোনে কাপড় পেতে, খেঁজুর কাটা দিয়ে আটকিয়ে, সাইন পেন আর সুতায় নীল মাখিয়ে। বাড়িতে গেলেই আলমারি থেকে নকশীকাঁথা গুলো ধরে দেখি আর ওই দিনগুলোর কথা মনে করি। আমাকে সবসময় মনে পড়ে। কিন্তু অসুস্থ হলে আর খাওয়ার সময় আম্মুর কথা মনে পড়ে। আম্মুর হাতের রান্না মিস করি। আম্মুকে কখনো বলা হয়নি ‘ভালোবাসি’, কিন্তু এবার বাড়ি থেকে আসার সময় বলেছি যে তাদের (আম্মু-আব্বু) জন্য আমি ভাবি। আম্মাকে অনেক বুঝায় কিন্তু বলা হয়নি ‘ভালোবাসি’, আব্বু যখন অসুস্থ হইছিলেন তখন আমি আব্বুকে বলছিলাম কিন্তু আম্মুকে বলা হয়নি।
-সিফাত রাব্বানী
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
পড়াশোনার কাজে যখন ঢাকায় আসি তখন আমি মায়ের সঙ্গে আলাদা হয়ে যাই। ঢাকায় এসে যখন পড়াশোনা, নিজের কাজ ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তখন আসলে ধাতস্ত হই নতুন এই অবস্থার সঙ্গে। আমি আমার পার্টটাইম জবের স্যালারি দিয়ে যখন মা, বাবা, ভাইবোনদের জন্য উপহার কিনে বাড়ি গিয়েছিলাম সেদিন আম্মার মুখে যে হাসি দেখেছিলাম সেটিই মায়ের সঙ্গে আমার সবচেয়ে আনন্দময় স্মৃতি। আমি যখন ভীষণ অসুস্থ হয়ে যায় বা আমার যখন খুব মন খারাপ হয় তখন আমাকে খুব মনে পড়ে। মনে হয় মা কাছে থাকলে খুব ভালো হতো। মাকে কখন বলা হয়নি ‘ভালোবাসি’ কিন্তু মনে হয় আমার প্রায়ই, মাকে বলবো ‘ভালোবাসি’।
-আহমেদ মানিক
জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, স্টামফোর্ড ইউনিভার্সিটি
উত্তরা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে যখন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হই তখন আমার হোস্টেল জীবন শুরু হয় তখন আমি মায়ের থেকে বিচ্ছিন্ন হই। খুব কষ্ট হতো। তখন বেশি বেশি ফোনে কথা বলতাম। কিন্তু মাকে কখনো বলতাম না কষ্টের কথা। ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি। মায়ের সঙ্গে আনন্দময় স্মৃতি হলো পরিবারের সবাই মিলে পুরোনো বাংলা নাটক যখন দেখতাম সেটা। মাকে মনে পড়ে যখন সবচেয়ে কষ্টে থাকি। মনে হয় কষ্টের কথা জানালে একটু কষ্টটা কমতো। মাকে কখনো বলা হয়নি ভালোবাসি। কিন্তু বলবো একদিন অনেক ভালো কিছু যদি হতে পারি সেদিন বলবো।
-অহিদুল ইসলাম অন্তর
ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ