বাংলায় বিশ্ব ক্লাসিকের গল্প

কেনি রজার্স ও একজন জুয়াড়ির গল্প

শুধু কান্ট্রি রক নয় আরও অনেকগুলো জনরাতে নিজেকে মেলে ধরেছেন কেনি রজার্স। কান্ট্রি ছাড়াও গেয়েছেন রক, জ্যাজ, পপ, ব্লুজ-সহ অনেক প্যাটার্নে। তার মতো এত অধিক পরিমাণ জনপ্রিয় ও হিট গান আর কোনো শিল্পীর আছে বলে মনে করেন না সংগীতবোদ্ধারা।

কেনি রজার্স। নামটা শুনলেই মনে হয় দো-আঁশলা, নামজুড়ে বুনো পশ্চিমের গন্ধ। মনে হয় মেক্সিকান সীমান্ত পার হয়ে চলে আসা কোনো মার্সেনারি বা একজন প্রফেশনাল ট্রাবলশ্যুটার।

আসলে ইনি এর কোনোটাই নন। আপাদমস্তক একজন গায়ক এবং তিনি তার গানে এবং কথায় তুলে নিয়ে আসেন মার্কিন মুলুকের মাটির গন্ধ।

তিনি মার্কিন তথা পুরো কান্ট্রি রক জনরার এক অপরিহার্য নাম। তিনি এক অবিশ্বাস্য প্রতিভা।

পুরো নাম―কেনেথ রে রজার্স। জন্ম টেক্সাসে, ১৯৩৮ সালের ২১ আগস্ট। সুবিশাল ক্যারিয়ার। অসংখ্য পুরস্কার, অসংখ্য চার্টহিট, ২৮টি স্টুডিও অ্যালবাম, ১২০টি হিট সিঙ্গেল...আরও কত কী!!! এ যেন সংগীতের পথে এক বিস্ময়যাত্রা।

তিনি ছিলেন অন্যতম 'বেস্ট সেলিং আর্টিস্ট অব অল টাইম'।

তবে শুধু কান্ট্রি রক নয় আরও অনেকগুলো জনরাতে নিজেকে মেলে ধরেছেন কেনি রজার্স। কান্ট্রি ছাড়াও গেয়েছেন রক, জ্যাজ, পপ, ব্লুজ-সহ অনেক প্যাটার্নে। তার মতো এত অধিক পরিমাণ জনপ্রিয় ও হিট গান আর কোনো শিল্পীর আছে বলে মনে করেন না সংগীতবোদ্ধারা।

তার আছে গ্যাম্বলার, ডোন্ট ফল ইন লাভ উইথ আ ড্রিমার, রুবি ডোন্ট টেক ই্‌ওর লাভ টু টাউন, শি বিলিভস ইন মি, কাওয়ার্ড অব দ্য কান্ট্রি, লুসিলি, ইউ ডেকোরেটেড মাই লাইফ, লাভ দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ে, গুডবিই মেরি, সেইল অ্যাওয়ে এবং লেডির মতো অসংখ্য সুপারহিট গান।

আজ 'চিরকালের গান : বাংলায় বিশ্ব ক্লাসিকের গল্প'র এই পর্বে আলোচনা করা হবে তার অন্যতম সুপারহিট সিঙ্গেল 'দ্য গ্যাম্বলার' নিয়ে।

গানটির গীতিকার ডন শ্লিটজ। এখানে একটা কথা জেনে রাখা দরকার- কেনি রজার্স গাওয়ার আগে এই গানটি আরও বেশ কয়েকজন রেকর্ড করেন। গানটি ১৯৭৬ সালে লেখা হলেও এটিতে কেনি রজার্স কণ্ঠ দেন ১৯৭৮ সালে। নভেম্বরের ১৫ তারিখ অবমুক্ত হয় গানটি। গানটি ছিল কেনির ষষ্ঠ স্টুডিও অ্যালবামে। অ্যালবামের নামও ছিল 'দ্য গ্যাস্বলার'।

'দ্য গ্যাম্বলার'-কে বলা হয় কেনি রজার্সের সিগনেচার সং। একই সাথে কান্ট্রি, পপ এবং ইজি লিসনিং চার্টে হিট করে গানটি। এই গানটি নিয়ে লেখা হয় বেশ কিছু গল্প-উপন্যাস। তৈরি করা হয় বেশ কয়েকটি টেলিভিশন ধারাবাহিকসহ ডকুমেন্টারিও।

'দ্য গ্যাম্বলার'-এর গল্প এতটাই বড় যে আসুন আমরা সে গল্প না শুনে বরং গানটি একবার শুনে নিই। আর সুযোগ পেলে আরেক কিংবদন্তি লিওনেল রিচির লেখা ও কেনি রজার্সের গাওয়া তার 'লেডি' ব্যালাডটিও শুনে রাখতে পারেন।