৪ মাসে ৭৯ বাংলাদেশিকে ফেরত রোমানিয়ার

চলতি বছরের প্রথম চার মাসে ৭৯ জন বাংলাদেশিকে দেশে ‘ডিপোর্ট' বা ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির অভিবাসন দপ্তর জানিয়েছে এই সময়ে বাংলাদেশিসহ ২৯৬ জন বিদেশি নাগরিককে রোমানিয়া থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন জানায়, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ২৭৩ জনকে রোমানিয়ার বিমানবন্দর থেকে বিমানযোগে ফেরত পাঠানো হয়েছে। এ ছাড়া, ২৩ অভিবাসীকে ফ্রন্টেক্স অথবা রোমানিয়া পুলিশের তত্ত্ববধানে নিজ দেশে পাঠানো হয়েছে৷

ফেরত পাঠানো ব্যক্তিদের বেশিরভাগই অবৈধ উপায়ে রোমানিয়ার সীমান্ত অতিক্রম করে শেঙেন জোনে প্রবেশের চেষ্টা করে পুলিশের হাতে আটক হন৷ এ ছাড়া অনিয়মিত উপায়ে দেশটিতে অবস্থান ও কাজে নিয়োজিতদের বিরুদ্ধে পরিচালিত অভিযান থেকেও অনেককে আটক করা হয়৷ তাদের একটি অংশকে স্বেচ্ছায় ১৫ দিনের মধ্যে দেশ ত্যাগের নোটিশ দেয়া হয়েছিল৷ এই আইনি নোটিশ না মানায় সংশ্লিষ্টদের জোরপূর্বক তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।