‘ওরে নীল দরিয়া, আমায় দে রে দে ছাড়িয়া...ওরে সাম্পানের নাইয়া, আমায় দেরে দে ভিড়াইয়া।’ এ গানটি শুনলেই চিত্রনায়ক ফারুকের ছবি ভেসে ওঠে চোখের সামনে। নায়ক থেকে এমপি বনে যাওয়া বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক মারা গেছেন।
সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে রওশন হোসেন পাঠান শরৎ। তিনি জানান, তার বাবার মরদেহ মঙ্গলবার ভোরের ফ্লাইটে ঢাকায় আনা হবে।
১৯৪৮ সালের ১৮ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন ফারুক। এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭১ সালে ঢাকাই সিনেমার তার অভিষেক হয়। এ ছবিতে তার নায়িকা ছিলেন কবরী। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র খান আতাউর রহমানের পরিচালনায় ‘আবার তোরা মানুষ হ’ ও নারায়ণ ঘোষ মিতার ‘আলোর মিছিল’ ছবিতে অভিনয় করে প্রতিভার স্বাক্ষর রাখেন তিনি। তার অভিনীত ‘সুজন সখী’ ও ‘লাঠিয়াল’ ব্যাপক প্রশংসিত হয়। অর্জন করেন ঈর্ষণীয় জনপ্রিয়তা। ‘সখী তুমি কার’ ছবিতে শাবানার বিপরীতে শহুরে ধনী যুবকের চরিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। ১৯৮৭ সালে ‘মিয়াভাই’ চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে ‘মিয়াভাই’ হিসেবে পরিচিতি লাভ করেন। ২০১৮ সালে ঢাকা-১৭ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি।