একাদশে ফিরেই ফের চোটে পগবা

পল পগবা গত গ্রীষ্মে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্তাসে ফেরেন। ফেরার পর থেকে চোট যেন পিছু ছাড়ছে না তার। প্রতিযোগিতামূলক ফুটবলে এক বছরের বেশি সময় পর শুরুর একাদশে ফেরার ম্যাচে আবারও চোট পেয়েছেন এই ফরাসি মিডফিল্ডার।

সিরি আতে রবিবার ক্রেমোনেসের বিপক্ষে ম্যাচে পগবা খেলতে পারেন মাত্র ২৪ মিনিট। একটি ক্রস করার পর, বাম ঊরুতে চিকিৎসার প্রয়োজন হয়। এরপর কান্নাভেজা চোখে মাঠ ছাড়েন ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জয়ী এই ফুটবলার।

পগবা ইনজুরিতে মাঠ ছাড়লেও জুভেন্তাস ম্যাচ জেতে ২-০ তে। ম্যাচ শেষে পগবার ইনজুরি নিয়ে জুভেন্তাস কোচ মাস্সিমিলিয়োনো আল্লেগ্রি বলেন, ‘আমরা সবাই হতাশ। এটা দুঃখজনক, কারণ সে মাঠে ফেরার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে।’

২০২২ সালের এপ্রিলের পর এই প্রথম শুরুর একাদশে মাঠে নেমেছিলেন পগবা। সিরি আয় ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে দুইয়ে জুভেন্তাস।