চীনে গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রের নাগরিকের যাবজ্জীবন

গুপ্তচরবৃত্তির দায়ে চীনের একটি আদালত যুক্তরাষ্ট্রের নাগরিক জন শিং-ওয়ান লিউংকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। গতকাল সোমবার চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নগরী সুঝৌ-এর আদালত সংক্ষিপ্ত এক বিচারে এ দণ্ড দেয়। বিবিসি জানায়, ৭৮ বছর বয়সী লিউং হংকংয়ের স্থায়ী বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রের নাগরিক। তার বিরুদ্ধে আনা গুপ্তচরবৃত্তির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে আদালত। তবে তার বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে সুস্পষ্ট করে বিস্তারিত কিছু জানানো হয়নি। ২০২১ সালের ১৫ এপ্রিলে সুঝৌ নগরীতে জন শিং-ওয়ান লিউংকে আটক করে চীনের কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি।  চীনে রুদ্ধদ্বার বিচার সাধারণ ঘটনা। গুপ্তচরবৃত্তির মতো স্পর্শকাতর মামলার ক্ষেত্রে বিস্তারিত সাধারণত কমই প্রকাশ করা হয়।