অনেকদিন ধরেই ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন: শাকিব খান

এফডিসিতে জানাজা শেষে চিত্রনায়ক ফারুকের মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর তেজগাঁওয়ের চ্যানেল আই প্রাঙ্গনে। সেখানে ফারুকের জানাজার নামাজে অংশ নেন অনেকে। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক শাকিব খান।

তিনি বলেন, ক’দিন পর পর যখন ফারুক ভাইয়ের খবর নিতাম, শুনতাম তিনি ভালো হয়ে গেছেন। সুস্থ হয়ে গেছেন। আমিও ভাবতাম কদিন পরেই বুঝি চলে আসবেন।

শাকিব আরও বলেন, ফারুক ভাই সংসদ সদস্য হওয়ার পরে আমি তাকে বলতাম, আমার ভাবতেও ভালো লাগে আমি যে এলাকায় থাকি সে এলাকার এমপি হলেন আমার ভাই। ফারুক ভাইয়ের চলে যাওয়ায় চলচ্চিত্রের মানুষ বিশাল একজন অভিভাবককে হারালো।

অনেকদিন ধরেই ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। তার পরিবারও সাফার করছিল। ভাবি বাচ্চারাও কষ্ট পাচ্ছিল। ফারুক ভাই কষ্ট পাচ্ছিলেন। আল্লাহ তাকে নিয়ে গেছেন। এখন আল্লাহতায়ালা তাকে শান্তিতে রাখুন। আল্লাহপাক তাকে বেহেশত নসিব করুন।

ফারুকের মরদেহ মঙ্গলবার সকালে সিঙ্গাপুর থেকে দেশে আসে। বিমানবন্দর থেকে প্রথমে নেওয়া হয় নায়কের উত্তরার বাসায়। সেখানে কিছুক্ষণ রেখে মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেন।

এফডিসিতে দ্বিতীয় দফায় জানাজা হয়। এফডিসি থেকে ফারুকের মরদেহ নেওয়া হয় চ্যানেল আই ভবনে। সেখানে আরেক দফা জানাজা শেষে কিংবদন্তী অভিনেতার মরদেহ নেওয়া হচ্ছে গুলশান আজাদ মসজিদে। সেখানে বাদ আসর আরেক দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

সন্ধ্যা ৭টায় গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে নেওয়া হবে মরদেহ। সেখানে দখিন সোম টিওরী জামে মসজিদে জানাজা শেষে পাঠান বাড়ি পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে শায়িত হবেন নায়ক ফারুক।