মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় পর্দা উঠছে এই সিনে বিশ্বের সবচেয়ে বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবের। আর বিখ্যাত এ উৎসবে অভিষেক হচ্ছে ‘সিতা রামাম’ দিয়ে তুমুল জনপ্রিয়তা পাওয়া অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের।
উচ্ছ্বসিত ম্রুণাল বললেন, ‘প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছি, এটা ভেবেই আমি রোমাঞ্চিত। এরকম একটা সম্মানজনক উৎসবে অংশ নিতে পারা আমার জন্য গর্বের ব্যাপার। বিখ্যাত নির্মাতাদের সঙ্গে কথা বলবো, নতুন নতুন সুযোগ খুঁজে পাবো এবং ভারতীয় সিনেমার প্রতিভা তুলে ধরার চেষ্টা করবো।’
জানা গেছে, ‘গ্রে গুজ’ নামের একটি ভদকা ব্র্যান্ডের দূত হয়ে কান সৈকতে হাজির হবেন ম্রুণাল ঠাকুর। তিনি ছাড়াও এবার ভারতের অনেক তারকা এই উৎসবে অংশ নিচ্ছেন। এর মধ্যে রয়েছেন আনুশকা শর্মা, সারা আলি খান, মানুষী ছিল্লার, এশা গুপ্তা, ঐশ্বরিয়া রাই বচ্চন, অদিতি রাও হায়দারিসহ আরও অনেকে।
২০১৯ সালের সিনেমা ‘সুপার ৩০’ দিয়ে নজরে আসেন ম্রুণাল ঠাকুর। এরপর শহিদ কাপুরের সঙ্গে ‘জার্সি’তে অভিনয় করে বলিউডে পায়ের তলার মাটি শক্ত করেন। বর্তমানে তার হাতে ‘পূজা মেরি জান’, ‘পিপ্পা’, ‘লাস্ট স্টোরিজ ২’সহ বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা