সেন্টমার্টিনে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবির ডিজি

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। গতকাল বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম (পিবিজিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন সেন্টমার্টিন বিওপি পরিদর্শন করেন এবং সেখানে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত সেন্টমার্টিন দ্বীপের ৮০০ জন অসহায় মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে বিজিবি মহাপরিচালক সেন্টমার্টিন বিওপিতে দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দুর্যোগ মোকাবিলায় সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য সব স্তরের বিজিবি সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান।