স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে, মানুষের চিন্তাচেতনা স্মার্ট হতে হবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘শুধু স্মার্ট যন্ত্রপাতি দিয়ে স্মার্ট দেশ গড়ে তোলা সম্ভব নয়, যদি মানুষের চিন্তাচেতনা স্মার্ট না হয়।’ গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ‘শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ শীর্ষক সেমিনারে’ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সভাপতি অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, ‘বাংলাদেশে ১০ জানুয়ারি এবং ১৭ মে এ দুটি প্রত্যাবর্তন দিবস অনেক গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন করার পর আমরা একটি সমৃদ্ধ স্বাধীন জাতি পেয়েছি। আর শেখ হাসিনা সেই স্বাধীন জাতির স্বপ্নকে এগিয়ে নেওয়ার জন্য স্মার্ট বাংলাদেশ ধারণা নিয়ে এসেছেন।’
বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘শেখ হাসিনার ভাবনায় স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার, দৈনিক বাংলা ও নিউজ বাংলা ২৪-এর পরিচালক মো. আফিজুর রহমান।