ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার মাধ্যমে রুশ মিসাইল ঠেকাতে অত্যাধুনিক প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বিদ্যুৎ, জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনকে সহায়তা করে।
এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে ড্রোন-ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যপক হামলার মাধ্যমে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করার দাবি জানিয়েছে রাশিয়া। হামলায় হাইপারসনিক কিনঝাল ক্ষেপণাস্ত্র ব্যবহার করার কথা জানায় দেশটি।
বুধবার (১৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়নি, কিছুটা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মার্কিন দুই কর্মকর্তা।
নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেন, ওয়াশিংটন এবং কিয়েভ ইতোমধ্যেই অত্যাধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি মেরামত করার উপায় নিয়ে আলোচনা করেছে। এবং এই মুহূর্তে প্রতিরক্ষা সিস্টেমটি ইউক্রেন থেকে সরানো হবে না।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার জানিয়েছে, তারা ইউক্রেনে হামলার মাধ্যমে মার্কিন-নির্মিত প্যাট্রিয়ট সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
যদিও এর আগে ইউক্রেন দাবি করেছিল, ওই হামলার সময় তারা ১৮টি রাশিয়ান ক্ষেপণাস্ত্র গুলি করে ধ্বংস করেছে। অবশ্য রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংসে ইউক্রেন কোন ধরনের পশ্চিমা অস্ত্র ব্যবহার করেছে তা জানায়নি।