ফাইনালের ড্রেস রিহার্সেলে রাউন্ড রবিন লিগে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেই হারের মধুর প্রতিশোধ নিলে মেয়েরা। জমজমাট ম্যাচ জিতে বঙ্গবন্ধু আইএইচএফ চ্যালেঞ্জ ট্রফি উইমেন্স হ্যান্ডবলের অনূর্ধ্ব-১৭ বিভাগে শিরোপা জিতল বাংলাদেশ। আজ পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে ভারতকে ৪৬-৪৩ গোলে হারিয়েছে বাংলাদেশ।
শুরু থেকে ভারতের বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে থাকে স্বাগতিকরা। দুদলের প্রথমার্ধ শেষ হয় ২০-২০ সমতায়। দ্বিতীয়ার্ধে আধিপত্য করে কাঙ্ক্ষিত জয় তুলে নেয় মেয়েরা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বার জালের দেখা পান মার্ফি; এছাড়া রুনা লায়লা ১৪টি ও তাহারা আক্তার তানিয়া ১০টি, দীপা রানী ৫টি গোল করেন।
অনূর্ধ্ব ১৭ দল শিরোপা জিতলেও অনূর্ধ্ব ১৯ বিভাগের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ।