পাপারাজ্জিদের তাড়ায় ‘অল্পের জন্য’ হ্যারি-মেগানের রক্ষা

আমেরিকার সড়কে প্রিন্স হ্যারি ও মেগানের গাড়ির পেছনে পাপারাজ্জিরা প্রায় ২ ঘণ্টা তাড়া করে। এ ঘটনা ফিরিয়ে আনল দুই যুগ আগে প্যারিসে প্রিন্সেস ডায়ানার মৃত্যুর স্মৃতি।

সে সময় পাপারাজ্জিদের তাড়ার মুখে প্যারিসের টানেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানা।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার নিউ ইয়র্কে এমন এক ঘটনায় হ্যারি-মেগান অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রিন্স হ্যারি ও মেগানকে বহনকারী ট্যাক্সিকে পাপারাজ্জিদের গাড়িগুলো প্রায় ২ ঘণ্টা ধাওয়া করে। ট্যাক্সিতে মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ডও ছিলেন।

প্রিন্স হ্যারির মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে হ্যারি-মেগান ফিরছিলেন । পাপারাজ্জিদের ধাওয়া থেকে বাঁচতে তাদের ট্যাক্সিটি ১ পথচারী ও ২ পুলিশ সদস্যকে চাপা দিতে যাচ্ছিল প্রায়।

৩ বছর আগে রাজকীয় সব দায়িত্ব ছাড়েন হ্যারি ও মেগান দম্পতি। এরপর থেকে তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।