ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার ‘রিফিল’ কারখানায় বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধের ঘটনায় চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন বিল্লাল (৩৫) ও নুরনবী (১৮)। গত মঙ্গলবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। এর আগে সোমবার সন্ধ্যায় মারা যান শরিফুল ইসলাম (২২)। চিকিৎসকের বরাত দিয়ে নতুন করে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, বিল্লালের শরীরে ৩৬ ও নুরনবীর ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল।
বিল্লালের বাড়ি রংপুরের পীরগাছায়। তার বাবার নাম আ. রহমান। তিনি কারখানাটির ব্যবস্থাপক ছিলেন। আর নুরনবীর বাড়ি টাঙ্গাইলের সদর উপজেলায়। তার বাবার নাম শাহাদাত আলী।