পাঁচ মাস নিখোঁজ যুবকের লাশ সেপটিক ট্যাংকে

গাজীপুরের শ্রীপুরে অপহরণের পাঁচ মাস পর নিখোঁজ এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের রহিম মোল্লার বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে আমির হোসেন (২৫) নামে ওই যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার করে দক্ষিণখান থানা পুলিশ। তাকে অপহরণের মামলায় গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ওপর ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়।

এর আগে গতকাল সকালে নোয়াখালীর হাতিয়া উপজেলার তাজুল ইসলাম জামে মসজিদ থেকে তারেক আহমেদ (৩২) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

তারেক নাটোর সদর উপজেলা রুয়েরবাগ গ্রামের আবদুল জলিলের ছেলে। পুলিশ বলছে, তারেক সমকামিতা ও ছিনতাইকারী গ্রুপের সক্রিয় সদস্য। এ চক্রের আরও সদস্য রয়েছে। তাদের গ্রেপ্তারেও কাজ চলছে। অন্যদিকে নিহত আমির নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় তুলাচারা গ্রামের আবু তাহেরের ছেলে।

স্বজনরা জানান, গত বছর ২৩ ডিসেম্বর ঢাকার আশকোনা এলাকা থেকে নিখোঁজ হন আমির।

মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বলেন, ‘গ্রেপ্তার তারেক সমকামিতা গ্রুপের সক্রিয় সদস্য। তার ফেসবুকে একটি গ্রুপ আছে। এর মাধ্যমে মেসেঞ্জারে যুবকদের ডেকে এনে ছিনতাইয়ের পর ছেড়ে দিত। নিহত আমিরকে অপহরণের পর শ্রীপুরে এক সপ্তাহ ধরে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে রাখে। এরপর গত বছর ২৮ ডিসেম্বর মাওনা বাজার থেকে বস্তা ও রশি কিনে এনে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তায় ভরে গর্তে ফেলে রাখে।’