রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে দেশের সর্বোচ্চ আদালত। পাশাপাশি রিট আবেদনকারী আইনজীবী এম এ আজিজ খানকে এক লাখ টাকা খরচা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে বলেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রিটকারী পক্ষের করা লিভ টু আপিল (আপিলের অনুমতির আবেদন) খারিজ করে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত আপিল বিভাগ এ আদেশ দেয়। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট এম এ আজিজ খান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
রাষ্ট্রপতি নির্বাচনে একক প্রার্থী ছিলেন মো. সাহাবুদ্দিন। গত ১৩ ফেব্রুয়ারি তাকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে ইসি। এ প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী এম এ আজিজ খান। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্যকে ভুল এবং বিভ্রান্তিকর উল্লেখ করে আবেদনে বলেন, ‘নির্বাচিত’ ও ‘নিয়োগ’ সমার্থক শব্দ।