বরিশাল সিটিতে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাছাইপর্ব শেষে বৈধতা পেয়েছেন ৬ জন মেয়র প্রার্থী। তবে দাখিল করেছিলেন ১০ জন। বাদ পড়া চারজনই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এছাড়াও সিটি নির্বাচনে নগরীর ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ জন ও সংরক্ষিত আসনে ৪০ জন বৈধতা পেয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হয়। বিষয়টি নিশ্চিত করে রিটার্নিং কর্মকর্তা মো. হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। এতে মেয়র পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ৪ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়াও সাধারণ আসনে ১৪৬ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন, এর মধ্যে থেকে বাতিল হয়েছে ১২ জনের।

ছয় বৈধ মেয়র প্রার্থী হলেন আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান রুপণ ও আলী হোসেন।