আগামীকাল শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত দুই ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আরআর টেক্সটাইল মিলস এলাকায় পদচারী সেতুর বিম স্থাপনের জন্য এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।
সড়ক ও জনপথ বিভাগের সীতাকুণ্ড কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, নির্মাণাধীন পদচারী সেতুর বিম বসানোর সময় যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ রাখা হবে। এ জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, গত শনিবার এই বিমটি বসানোর কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১১ মে ওই কাজ স্থগিত করেন সওজের চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা। সে সময় বিমটি স্থাপন করা হয়নি।