রাজধানীর সিদ্দিকবাজার এলাকার রোজ মেরিনার্স নামের ছয়তলা ভবন অগ্নিঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ১২ সদস্যের একটি দল ওই ভবনটি পরিদর্শন করে। এতে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর অধীর চন্দ্র হাওলাদারসহ ওয়াসা, তিতাস গ্যাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভবনটিতে দুটি বেজমেন্ট রয়েছে, যার একটিতে দোকান বসানো হয়েছে। ভবনটির দোতলা পর্যন্ত মার্কেট এবং তিন থেকে ছয়তলা পর্যন্ত আবাসিক। ভবনটির মার্কেট অংশে ৫০০টি দোকান আছে, যেখানে বিপুল মানুষের সমাগম হয় এবং আবাসিক অংশে ১৪০টি পরিবার বসবাস করে। ভবনটির বেজমেন্ট, মার্কেট এবং আবাসিক অংশে অধিক অগ্নিঝুঁকি থাকলেও সেখানে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নেই। এ কারণে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।