নগর ভবন ঘেরাও কাল

গাছ কাটা বন্ধ এবং জড়িতদের দ্রুত বিচারসহ চার দফা দাবিতে আগামীকাল রবিবার নগর ভবন ঘেরাও করবে নগরীর ‘সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটি’।

গতকাল শুক্রবার ধানমন্ডি আবাহনী মাঠের সামনে সাত মসজিদ রোডের সড়ক বিভাজকের গাছ কাটার প্রতিবাদে আয়োজিত এক সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বলা হয়, আগামীকাল এসব দাবিতে নগর ভবন ঘেরাও করা হবে। দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

সাত মসজিদ সড়ক গাছ রক্ষা আন্দোলন কমিটির ব্যানারে গত ১৭ দিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন পরিবেশবাদীরা। গতকাল তাদের সঙ্গে সংহতি জানান দেশের কয়েকজন খ্যাতনামা শিল্পী ও সাংস্কৃতিককর্মী। এ সময় তারা গান-কবিতায় গাছ কাটার প্রতিবাদ জানান।

আন্দোলনের অন্যতম সংগঠক আমিরুল রাজিব বলেন, ‘আগামী রবিবার আমরা নগর ভবন ঘেরাও করব। সকলকে আমরা আহ্বান জানিয়েছি। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব।’