বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

রাজধানীর শাজাহানপুরের শান্তিবাগ এলাকায় একটি খাবারের হোটেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উজ্জ্বল মেলকার (২২) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে শান্তিবাগ মগা হাজির গলিতে ‘বিসমিল্লাহ হোটেলে’ এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হোটেল ম্যানেজার মো. সুলতান গাজী জানান, প্রায় ১ বছর ধরে হোটেলটিতে কর্মচারী হিসেবে রয়েছেন উজ্জ্বল। দুপুরে হোটেলের পেছনের অংশে বসে পানিতে পেপে ধোয়ার কাজ করছিলেন। জুমার নামাজ থেকে তারা হোটেলে ফিরে সেখানে বিদ্যুতায়িত হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন উজ্জ্বলকে। সঙ্গে সঙ্গে তাকে প্রথমে খিদমাহ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, উজ্জ্বলের বাড়ি শরিয়তপুরের গোসাইরহাট উপজেলার চর শিমুলিয়া গ্রামে। তার বাবার নাম সেলিম মেলকার। বর্তমানে শান্তিবাগে একটি বাসায় থাকতেন। বিদ্যুতের কোনো তার ছিঁড়ে লোহার অ্যাঙ্গেলে বিদ্যুতায়িত হয়েছিল। তার পাশে বসে কাজ করার সময় কোনোভাবে সেখানে হাত যাওয়ায় উজ্জ্বল বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে বলে ধারণা তাদের।