বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ

নাটোরের লালপুরে সৈকত ইসলাম (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণিপড়ুয়া এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার (১৮ মে, ২০২৩) সন্ধ্যায় এ ঘটনায় ওই তরুণীর মা লালপুর থানায় দুজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন। অভিযুক্ত সৈকত (২৩) উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের সেন্টারপাড়া গ্রামের মাসুদ রানার (৫০) ছেলে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণকারী ভুক্তভোগী কিশোরীর বান্ধবীর ভাই বলে জানা গেছে। বান্ধবীর সাথে প্রাইভেট পড়তে যাওয়ার সুবাদে ওই কিশোরীর সঙ্গে সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২০ এপ্রিল বিয়ের প্রলোভন দেখিয়ে সৈকতের খালার বাড়ি বনপাড়াতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়। পরবর্তীতে সৈকত ওই কিশোরীকে বিয়ে করতে আপত্তি জানালে গত ১৬ মে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয় ওই কিশোরী। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর মা লালপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে অভিযোগ করেন।

অভিযুক্ত সৈকত ইসলামের ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

সৈকতের বাবা মাসুদ রানা ঘটনাটি অস্বীকার করে বলেন, আমার ছেলে এসব কিছু করেনি। আমার ছেলের বিরুদ্ধে একটি মহল চক্রান্ত করছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেব।