প্রশান্ত মহাসাগরে ফের ৭.১ মাত্রার ভূমিকম্প

একদিন পার না হতেই আবারো শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। নিউ ক্যালিডোনিয়ার পূর্বে প্রশান্ত মহাসাগরের লয়ালটি দ্বীপে শনিবার ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাতে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৫১ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল লয়ালটি দ্বীপের ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে। তবে এর স্থায়িত্ব ছিল মাত্র দুই সেকেন্ড।

এরপর অঞ্চলটিতে সর্বোচ্চ ছয় মাত্রা পর্যন্ত বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

ভূমিকম্পটির কারণে প্রশান্ত মহাসাগর ও আশেপাশের অঞ্চলগুলোতে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

এর আগে, গত শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল ইউএসজিএস। তবে কয়েক ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।