বাঁশের খুঁটিতে বিদ্যুতের লাইন

আজ মরেছে গরু, কাল মরবে মানুষ

গাভীর মালিক কামরুজ্জামান শাহীন বলেন, বিদুৎস্পৃষ্টে মারা যাওয়া গাভীটির বাজারমূল্য দেড় লাখ টাকা। গাভীর একটি ১ মাস বয়সের বকনা বাছুর রয়েছে। গাভীটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

বাঁশের খুঁটিতে ঝুলে আছে পিডিবির অরক্ষিত বিদ্যুৎ সঞ্চালন লাইন। আর সেই অরক্ষিত বিদ্যুক্র লাইনের তারে জড়িয়ে প্রায় দেড় লাখ টাকার একটি গাভীর মৃত্যু হয়েছে। স্থানীয় দিদারুল আলম জানান, বিদ্যুৎ-সংযোগের তার টানা হয়েছে পাকা খুঁটির বদলে বাঁশের খুঁটিতে। খুঁটিগুলোর অবস্থাও নাজুক। আজ মরেছে গরু কাল মরবে মানুষ।

আজ শনিবার (২০ মে) দুপুরে ঘটনাটি ঘটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া গ্রামে।

ঈশ্বরগঞ্জ পৌর এলাকার বিভিন্ন স্থানে বাঁশের খুঁটিতে ঝুলে আছে বিদ্যুতের তার। কোথাও খুঁটি হেলে আছে, বাতাস এলে ভেঙে যাবে এমন অবস্থা। প্রাণহানির শঙ্কা নিয়ে বিদ্যুৎ লাইনের নিচে প্রতিদিন ক্ষেতে কাজ করেন কৃষকেরা। এমনই দৃশ্য দেখা গেছে ঈশ্বরগঞ্জ পৌর এলাকায়।

জানা যায়, পৌর শহরের ঈশ্বরগঞ্জ থানাসংলগ্ন দত্তপাড়া এলাকার কামরুজ্জামান শাহীনের তিনটি গাভী রয়েছে। প্রতিদিনের মতো শনিবার সকালে সেই গাভীগুলো ঘাস খাওয়ার জন্য মাঠে ছেড়ে দেন। মাঠের পাশেই ঈশ্বরগঞ্জ থানা। থানার ভেতর থেকে বাঁশের খুঁটি দিয়ে প্রায় আধাকিলোমিটার দূরে একই গ্রামের রমজান আলীর বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেয়। সেই অরক্ষিত বিদ্যুতের তার বাঁশের খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকে। এমন অবস্থায় শনিবার দুপুরে কামরুজ্জামানের শাহীনের প্রায় দেড় লাখ টাকার একটি গাভী ছিঁড়ে পড়া তারে জড়িয়ে মারা যায়। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা পল্লব বৈশ্য ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাভীর মালিক কামরুজ্জামান শাহীন বলেন, বিদুৎস্পৃষ্টে মারা যাওয়া গাভীটির বাজারমূল্য দেড় লাখ টাকা। গাভীর একটি ১ মাস বয়সের বকনা বাছুর রয়েছে। গাভীটি মারা যাওয়াতে আমার সংসারের অনেক বড় ক্ষতি হয়ে গেল।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এর আওতায় ঈশ্বরগঞ্জ পিডিবির অধীনে গৌরীপুরের কিছু অংশ ও ঈশ্বরগঞ্জের মোট গ্রাহকের সংখ্যা প্রায় ১৬ হাজার।

ঈশ্বরগঞ্জ পিডিবির আবাসিক প্রকৌশলী ইমতিয়াজ মামুন বলেন, তারে জড়িয়ে একটি গাভী মারা গেছে শুনেছি। বাঁশের খুঁটি দিয়ে অরক্ষিত বিদ্যুতের তার কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো আমি আসার পূর্ব থেকেই সংযোগ ছিল। যে সমস্ত স্থানে এমন সংযোগ রয়েছে সেগুলো দেখে ব্যবস্থা নিচ্ছি।