বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, এই অবৈধ সরকারকে হঠাতে বিএনপির আন্দোলন শুরু হয়েছে। খুলনায় আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে। সেখানে বহু নেতা-কর্মী আহত হয়েছে। এই সরকারের দুর্নীতির বিচার এই দেশেই করা হবে।
তিনি বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ নামে কোন শব্দ বাংলাদেশে আর থাকবে না। খুব শিঘ্রই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া দেশে আসছেন। তাকে আন্তর্জাতিক বিমানবন্দরে সারা দেশের মানুষ অভ্যর্থনা জানাবে।
শনিবার (২০ মে) বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি বাস্তবায়নে দিনাজপুর শহরের জেল রোডস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত জনসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে বিএনপির সমাবেশে দু‘পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে সাবেক এমপি আখতারুজ্জামান মিয়ার নেতৃত্বে একটি র্যালী সমাবেশে যোগ দেওয়ার সময় দলীয় কার্যালয়ের পাশে এ সাংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আখতারুজ্জামান ও দলীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন।
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু।
জেলা কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কবির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক খালেক হোসেন।