বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই) শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার বেলা ১১টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, পুরাতন ভবনের ৯ নম্বর কেবিনে ভর্তি আছেন সিরাজুল আলম খান। মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
হাসপাতালটির শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. আবদুল হানিফ টাবলু বলেন, ‘বার্ধক্যজনিত কিছু রোগের কারণে সিরাজুল আলম খান শমরিতা হাসপাতাল চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে তাকে আজ (গতকাল) ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।’
হাসপাতালে সিরাজুল আলমের সঙ্গে থাকা রুবেল সাংবাদিকদের বলেন, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণ, প্রস্রাবে জটিলতা নিয়ে সকালে ওনাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এর আগে তিনি শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জাসদের (রব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার পক্ষে আন্দোলন-সংগ্রাম পরিচালনায় তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আবদুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে ষাটের দশকের প্রথমার্ধে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। পরে ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।