বর্তমান যুগে ভাষা, গণিত এবং আইসিটি এই তিনটি জানলে তিনি ‘সাক্ষর’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বাংলা-ইংরেজি আমাদের শেখানো হয় না। আমাদের নতুন কারিকুলামে তা অন্তর্ভুক্ত করেছি। যাতে করে শিক্ষার্থীরা সঠিকভাবে শিখতে পারে।’
গতকাল শনিবার দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘পৃথিবীতে এখন প্রতিযোগিতার চেয়ে সহযোগিতার বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে। তাই আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে সে সুযোগ করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় করে শিখন এবং তা প্রয়োগ করতে শেখা।’
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শেখেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে এসে আপনারা যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন উদ্যোক্তা কিংবা চাকরিজীবী হিসেবে আপনি তৈরি কি না?
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।