অবশেষে বাখমুত “দখল” মস্কোর, প্রত্যাখ্যান কিয়েভের

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বাখমুত শহর পুরোপুরি দখলে নেয়ার দাবি জানিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী এবং ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনার গ্রুপ। শনিবার মস্কো এ দাবি করে।

বাখমুত দখলে নিয়োজিত সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

শনিবার এক ভিডিওবার্তায় ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, “আজ (শনিবার) দুপুর ১২টার দিকে বাখমুত সম্পূর্ণভাবে দখলে নেওয়া হয়েছে। আমরা পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি। আমরা শহরের প্রতিটি ঘর ও স্থাপনা দখল করে নিয়েছি।“

তবে ওয়াগনার গ্রুপের এ দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ। বাখমুতে এখনও যুদ্ধ চলছে জানিয়ে কিয়েভ বলছে, বাখমুতের পরিস্থিতি জটিল। বাখমুত শহরের কিছু এলাকায় নিয়ন্ত্রণ ধরে রেখেছেন জানিয়ে ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, বাখমুতে ব্যাপক লড়াই চলছে। তবে ইউক্রেনীয় সেনারা শহরের বিমানবন্দর এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রেখেছেন।

এদিকে শনিবার বাখমুতের দখল নিয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক লাইনের বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ওয়াগনার অ্যাসল্ট ইউনিটের আক্রমণাত্মক পদক্ষেপের ফলে এবং আর্টিলারি ও সাউদার্ন গ্রুপ অব ফোর্সের বিমান হামলার মাধ্যমে আর্টিওমভস্ককে(বাখমুতের পূর্বের নাম) মুক্তির কাজ সম্পন্ন হয়েছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বাখমুত দখলের ঘোষণা দেওয়ার পর ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

এদিকে ইউক্রেনের এই গুরুত্বপূর্ণ শহরটি দখল করার জন্য সেনাদের অভিনন্দন জানিয়েছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেছেন, এই লড়াইয়ে অংশ নিয়ে যারা অন্যদের চেয়ে নিজেদের আলাদা করেছে, তাদের পুরস্কার দেওয়া হবে।

শহরটির নিয়ন্ত্রণ নেওয়া ইউক্রেনে রাশিয়ার অভিযানের বড় ধরনের অর্জন। বলা হচ্ছে, শহরটি জয়ের ফলে রুশ বাহিনীর জন্য আশপাশের দনবাস অঞ্চল দখলের পথ উন্মুক্ত হলো, যা চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ লক্ষ্য।