রোহিঙ্গাদের জন্য ২৩ লাখ পাউন্ড দেবে যুক্তরাজ্য

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয়দের জন্য ২৩ লাখ পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। গতকাল রবিবার ঢাকায় যুক্তরাজ্য হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের নতুন এ সহায়তা স্বাস্থ্যসেবা, আশ্রয় এবং রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের সুরক্ষায় ব্যবহার করা হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ অর্থায়নের বাস্তবায়ন করবে।

এতে আরও বলা হয়, বাংলাদেশে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার ম্যাট ক্যানেল ঘূর্ণিঝড় মোখার পর রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে অতিরিক্ত এ অর্থায়নের ঘোষণা দেন।

ম্যাট ক্যানেল বলেন, যুক্তরাজ্য রোহিঙ্গা এবং স্বাগতিক সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে। কারণ যুক্তরাজ্য ঘূর্ণিঝড় মোখার প্রভাব থেকে পুনরুদ্ধার করতে চায়। আমি ২৩ লাখ পাউন্ডের নতুন এ অর্থায়ন ঘোষণা করতে পেরে গর্বিত। যুক্তরাজ্য এ সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা প্রদান করছে।

আইওএম বাংলাদেশের মিশনপ্রধান আবদুসত্তর এসয়েভ বলেন, এ সমর্থনটি এমন একটি সংকটময় সময়ে আসে যখন রোহিঙ্গা শরণার্থী এবং কক্সবাজারের স্বাগতিক সম্প্রদায়গুলোতে সাম্প্রতিক দুযোগ এবং এর জন্য সংকট চলমান। বিশেষ করে ধ্বংসাত্মক অগ্নিকাণ্ড এবং ঘূর্ণিঝড় মোখার পর ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি।

২০১৭ সাল থেকে যুক্তরাজ্য বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী এবং স্বাগতিক সম্প্রদায়ের জন্য ৩৫২ লাখ পাউন্ড মানবিক সহায়তা প্রদান করেছে।