পাবলিক বিশ্ববিদ্যালয়

প্রায় ৩ হাজার কোটি টাকা বাড়িয়ে বাজেট অনুমোদন

দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১২ হাজার ২৬২ কোটি ৭৮ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে ইউজিসি। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১২ হাজার ১৮৫ কোটি ৩৩ লাখ, যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা বেশি। আর ইউজিসির জন্য ৭৭ কোটি ৪৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ১৬৫তম পূর্ণ কমিশন সভায় গতকাল রবিবার এ বাজেট অনুমোদিত হয়।

সভার কার্যপত্র তুলে ধরেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান। সভায় ২০২২-২৩ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটের বিস্তারিত দিক তুলে ধরেন ইউজিসির অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহের।

চলতি ২০২২-২৩ অর্থবছরে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৯ হাজার ২৬৫ কোটি ১৭ লাখ টাকা। চলতি অর্থবছরের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ২ হাজার ৯২০ কোটি টাকা বেশি বরাদ্দ রাখা হয়েছে।