গ্রাহকদের বিশ্বস্ততার সঙ্গে নিরবচ্ছিন্ন সেবা দিতে স্মার্ট জ্বালানি পরিকল্পনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেছেন, প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে সেবার মান স্বয়ংক্রিয়ভাবেই বাড়বে। এজন্য দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় কোনোভাবেই দেরি করা যাবে না।
গতকাল রবিবার ‘হাইড্রোকার্বন ইউনিট’ আয়োজিত স্মার্ট এনার্জি প্ল্যানিং অব বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নসরুল হামিদ বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বলতে আমি মনে করি, কোনটি হলে জনগণের ভালো হবে, সেটা নিশ্চিত করা। জ্বালানির ক্ষেত্রে যদি বলি, কতটা নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও মানসম্মত দিতে পারছি। আমরা যা দিতে চাচ্ছি, ঠিকমতো সরবরাহ দিতে পারছি কি না। নিরবচ্ছিন্ন সরবরাহ দিতে ব্যর্থ হলে তার জন্য দায়বদ্ধ থাকতে হবে। ভবিষ্যতে সেবাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক ড. এ বি এম আলিম আল ইসলাম। ভার্চুয়াল এই সেমিনারে হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক তাহমিনা ইয়াসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ, এনডিসি, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার প্রমুখ।