ইসি আলমগীর বললেন

বিশ্ব গাজীপুরের নির্বাচনের দিকে তাকিয়ে আছে

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, শুধু বাংলাদেশের মানুষ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ও সংস্থা গাজীপুরের নির্বাচনের দিকে তাকিয়ে আছে যে নির্বাচন কতটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হয়। ২৫ মে সব জাতি, আন্তর্জাতিক সংস্থা এবং বিশে্বর অনেক বড় বড় দেশ তাকিয়ে থাকবে আপনাদের দিকে, ভোটারদের দিকে এবং প্রার্থীদের দিকে। আমাদের দিকে কেউ তাকাবে না।

গতকাল রবিবার বিকেলে শহীদ বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপালনকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, ‘আপনারা কেমন পারফর্ম করছেন, কেমন ওখানে দায়িত্ব পালন করছেন সঠিকভাবে সেটা দেখেই আপনারা যেমন প্রশংসিত হবেন, আমরাও সেটার ভাগ হিসেবে একটা পাব। আমরা পুরোটা পাব না।’

মতবিনিময় সভায় রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।