দুদককে ব্যবহার করে হয়রানি করা হচ্ছে : জাহাঙ্গীর

নিজেকে নির্দোষ দাবি করে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বিনা কারণে দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে। সরকার আমাকে দুটি প্রজেক্টে মাত্র ৬০০-৭০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছিল। কিন্তু দুদক ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে সাড়ে সাত হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এটা কী করে সম্ভব? এটা কাল্পনিক, বানোয়াট ও মিথ্যা।

গতকাল রবিবার সকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর বলেন, ২০১৮ সালে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। মেয়রের পদের মেয়াদ পাঁচ বছর, মাত্র তিন বছরের মাথায় ঢাকা থেকে চিঠি দিয়ে অবৈধভাবে আমাকে বরখাস্ত করা হয়। কতটুকু আইন অনুসরণ করা হয়েছে, সে বিচার আপনাদের। তিন বছরে আমি সরকারের কাছ থেকে সম্মানী ভাতাসহ অন্যান্য কোনো সুবিধা নিইনি। কিন্তু আমাকে বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করে হয়রানি করা হচ্ছে। যারা মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো আমাকেই হয়রানি করছে।

তিনি আরও বলেন, গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা চলছে। আমার মা মেয়র প্রার্থী, আমি প্রধান সমন্বয়কারী। ২৫ তারিখে ভোট। আজ সোমবার প্রচারণার শেষ দিন। অথচ এ সময় দুদক আমাকে ডেকেছে। নির্বাচনের সময় আজ কেন আমাকে আসতে বাধ্য করল। একটি মহল দুদককে ব্যবহার করে হয়রানি করছে।