ফ্রান্সের দক্ষিণাঞ্চলীর শহর মার্সেইতে একটি গাড়িতে গুলিবর্ষণ করে তিনজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। সে সময় গাড়িতে পাঁচজন আরোহী ছিলেন।
স্থানীয় সময় রবিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি।
মাদক সংশ্লিষ্ট বিষয় নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে পুলিশ। সম্প্রতি দেশটিতে মাদক সহিংসতা বেড়েছে। এর জেরে এ বছর মার্সেই নগরীতে মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে।
পুলিশ জানায়, ওই গাড়িতে পাঁচজন ছিলেন। তাদের সবার বয়স আনুমানিক ২০ বছর। তারা একটি নাইটক্লাব থেকে বের হতেই তাদের ওপর কালাশনিকভ রাইফেল দিয়ে হামলা করা হয়। হত্যাকাণ্ডের পর হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে কেউ ধরা পড়েনি। এ সময় বেঁচে যাওয়া দুজনও পালিয়ে যায়।
ফরাসি সংবাদমাধ্যমকে তদন্তকারীরা জানিয়েছেন, গাড়িতে থাকা পাঁচজনকেই পুলিশ চেনে। তারা যেই হাউজিং এস্টেটে বাস করে, সেখানে মাদক অপরাধের প্রবণতা খুব বেশি।
তদন্তকারীরা আরো বলছেন, ঘটনাস্থলের কাছে একটি পোড়া গাড়ি পাওয়া গেছে। এটিও মাদক সহিংসতার আরেক লক্ষণ। কারণ, অপরাধীরা প্রমাণ ধ্বংসের জন্য প্রায় সময়ই তাদের গাড়ি পুড়িয়ে ফেলে।
হামলায় জড়িতদের খুঁজে বের করতে এবং দক চোরাকারবারি চক্রকে ধ্বংস করতে মাঠে নেমেছে পুরো পুলিশ বাহিনী।