সিডন্সের সন্তানরা খেলবেন বাংলাদেশের হয়ে!

অস্ট্রেলিয়ান কোচ জেমি সিডন্স প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ২০০৮ সালে। দলটির প্রধান কোচের দায়িত্ব সামলেছিলেন তিনি ৪ বছরের মতো। এক যুগেরও বেশি সময় আগে যখন এসেছিলেন, তখন তার সন্তানরা ছিলেন ছোটো।

বাবার চাকরির সুবাদের শৈশবের বড় একটা সময় তাদের কেটেছে ঢাকাতে। এজন্য সন্তানদের বাংলাদেশে সম্মানসূচক নাগরিকত্ব পাওয়ার প্রত্যাশা করেন এ দলের কোচ সিডন্স।

ওয়েস্টইন্ডিজ এ দলের সঙ্গে সিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ এ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটি। তার আগে আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে কথা বলতে আসেন কোচ সিডন্স। আর সেখানেই নিজের সন্তানদের বাংলাদেশের কাছে তার প্রত্যাশার কথা জানান।

সন্তানদের বাংলাদেশের সম্মানজনক নাগরিকত্ব দেওয়ার ব্যপারে এই অস্ট্রেলিয়ান কোচ বললেন, ‘ব্যাপারটা আসলে খানিকটা মজা করেই বলা। ১৩ বছর আগে আমি যখন এসেছিলাম, তখন আমার বাচ্চারা সবে জন্মেছিল আর ওদের এখানে নিয়ে এসেছিলাম। তখন তাদের বয়স কত মনে হয় ৮ সপ্তাহ হবে। তারা এখানে দুই বছর থেকেছে, তাই ওদের সম্মানজনক নাগরিকত্ব দেয়া যেতেই পারে। দিলে তো ভালই হয়, ওরা বাংলাদেশের হয়ে খেলতেও পারবে তাহলে।’