কক্সবাজারে চুরির অপবাদ দিয়ে গরম পানি ছুড়ে দুই কিশোরের শরীর ঝলসে দেওয়ার অভিযোগে চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওযার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুস সালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩টায় পৌরসভার কাহারিয়ার ঘোনার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে বেলা আড়াইটায় এ ঘটনায় কাউন্সিলর সালাম ও তার দুই কর্মচারীর বিরুদ্ধে মামলা হয় চকরিয়া থানায়।
ওই দুই কিশোর হলো উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি লালব্রিজ এলাকার মোজাম্মেল হকের ছেলে মনির উদ্দিন (১৪) ও একই এলাকার মোহাম্মদ ইউছুফের ছেলে মোহাম্মদ সিফাত (১৬)। তারা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মামলার বাদী ও আহত কিশোর মনির উদ্দিনের দাদা আবদুল কাদের বলেন, শুক্রবার রাতে আবদুস সালামের মাছের ঘেরে টাকা চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে মারধর শেষে গরম পানি ঢেলে শরীর ঝলসে দেওয়া হয়। এ ঘটনায় গত শনিবার রাতে আমি থানায় এজাহার দিয়েছি। এতে কাউন্সিলর সালাম, তার মাছের ঘেরের শ্রমিক মো. ছাদেক ও নাছির উদ্দিনকে আসামি করেছি। শুনেছি সোমবার দুপুরে মামলাটি নথিভুক্ত হয়েছে।’
গ্রেপ্তার হওয়ার আগে কাউন্সিলর আবদুস সালাম বলেন, ‘কিশোরদের ভয়ভীতি দেখানোর পর কিশোর মনির উদ্দিন টাকা চুরির কথা স্বীকার করেছে। এরপর আমি মাছের ঘের থেকে চলে আসি এবং শ্রমিকদের নির্দেশ দিয়ে আসি, যেন কোনো প্রকার মারধর না করা হয়। আমি ঘের থেকে চলে আসার আধাঘণ্টা পর শুনি, কিশোর দুজনের শরীর গরম পানিতে ঝলসে গেছে।’ কে গরম পানি ছুঁড়ে মেরেছে জানতে চাইলে তিনি বলেন, সবাই বলছে আমার ঘেরের শ্রমিক ছাদেক গরম পানি ছুঁড়েছে। অহেতুক তাকে জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।