গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নানা হিসাব-নিকাশ থাকলেও এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে বলে মনে করছে নির্বাচন কমিশন। গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর এ কথা বলেন। পাশাপাশি তিনি বলেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পরিবেশ শুধু বাংলাদেশে নয়, উপমহাদেশের পরিপ্রেক্ষিতেও অত্যন্ত ভালো। অত্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা প্রচার চালিয়েছেন। তার আশা ভোটের দিন এবং ফলাফল ঘোষণার সময় পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে।
ইসি আলমগীর বলেন, অত্যন্ত শান্তিপূর্ণভাবে ও সুষ্ঠুভাবে সবাই প্রচার চালিয়েছেন। গতকাল (রবিবার) আমি নিজে গিয়েছি গাজীপুর। এর আগেও গিয়েছি। সবাই মাইক দিয়ে প্রচার করছে দেখেছি। গাজীপুর শহরের এক জায়গা দিয়ে ঢুকে আরেক জায়গা দিয়ে বের হয়েছি। আমার পরিচিত লোকজনের কাছ থেকেও খোঁজ নিচ্ছি। অত্যন্ত সুন্দরভাবে প্রচারণা চালানো হয়েছে। পুলিশ সুন্দরভাবে ভূমিকা পালন করছে।
গাজীপুর সিটি নির্বাচন পরিস্থিতি কী কমিশনের নিয়ন্ত্রণে আছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনাদের মনে হয় কি নেই? না থাকার প্রমাণ দেন। তিনি বলেন, কেন্দ্রে যেতে যদি বাধা দেওয়া হয়, ৫৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। প্রত্যেক ম্যাজিস্ট্রেটের সঙ্গে বিজিবির টিম থাকবে, র্যাব থাকবে, বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবেন। এরপরও নির্বাচন সুষ্ঠু না হওয়ার তো কোনো কারণ নেই। ভোটাররা যদি বলেন, ভয় পাচ্ছি, আন্দাজে ভয় পেয়ে তো লাভ নেই। তিনি (ভোটার) ঘর থেকে বের হোক। ভোট দিতে যাক। তারপর যদি কেউ বাধা দেয় তখন বলুক। দেখেন তখন কী হয়। কঠিন অ্যাকশন হবে।