ভারতে বাসের সাথে ট্রাকের সংঘর্ষ, নিহত সাত

ভারতের মহারাষ্ট্রের বুলধানা জেলায় বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি মঙ্গলবার এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে নাগপুর-পুনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বাসটি পুনে থেকে বুলধানার মেহেকার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বাসটিকে ধাক্কা মারে।

আহতদের নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের উদ্ধার কাজে সাহায্য করতে দেখা গেছে। এদিকে ট্রাকটি একটি লজিস্টিক ফার্মের হয়ে কাজ করে বলে জানিয়েছে এনডিটিভি।