গত ঈদে ‘লোকাল’ সিনেমায় অভিনয় করে প্রশংসার ফুলঝুরি পেয়েছেন চিত্রনায়ক আদর আজাদ। সেই রেশ না কাটতেই এবার নতুন খবর দিলেন অভিনেতা। এবার তাকে দেখা যাবে লেখক চরিত্রে। আর লেখকের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন চিত্রনায়িকা অধরা খান। সিনেমার নাম ‘রাইটার’।
আগামী ২ জুন মুক্তি পেতে চলেছে অধরা খানের বহুল প্রতীক্ষীত সিনেমা ‘সুলতানপুর’। এর মধ্যেই অধরা জানালেন, রাইটার সিনেমাটি শুধু খবরের অংশ নয়, রীতিমতো লাইট-ক্যামেরা-অ্যাকশনে কাটছে তার সময়।
সম্প্রতি ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে রাইটার সিনেমার শুটিং শুরু হয়। এটি পরিচালনা করছেন অপূর্ব রানা। এতে একজন লেখকের নিজস্ব দুই জগত সমান্তরাল ভাবে উঠে আসবে। লেখালেখি, জনপ্রিয়তার তাড়না ও লেখকের ব্যক্তিজীবন নিবিড়ভাবে উঠে আসবে রূপালি পর্দায়- এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।
নিজের চরিত্র সম্পর্কে অধরা বলেন, ‘সিনেমায় আমার চরিত্রের নাম তিতলি। এখানে আদর একজন লেখক, আমি তার স্ত্রী চরিত্রে অভিনয় করছি। লেখক সত্ত্বার বাইরে যে একটি নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সেই জীবনের সুখ-দুঃখ, ব্যথা-বেদনা উঠে আসবে গল্পে। আর ব্যক্তিজীবনে লেখকের অন্যতম সঙ্গী তার স্ত্রী। স্বাভাবিক ভাবে এসব সমীকরণ বিশ্লেষিত হবে।’
রাইটার সিনেমায় আরও অভিনয় করেছেন অভিনেত্রী শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।