পেন্টাগনে ‍বিস্ফোরণের ছবি ভাইরাল

মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের সংরক্ষিত এলাকায় বিস্ফোরণের একটি ছবি ভাইরাল হয়েছে। ভুয়া ওই ছবিটি সোমবার (২২ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনার ফলে মার্কিন শেয়ারবাজার সাময়িক বন্ধ থাকে।

পর্যবেক্ষকদের সন্দেহ , ভুয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া ওই ছবিটিতে পেন্টাগনের সদর দপ্তরের সংরক্ষিত এলাকায় বড় ধরনের এক বিস্ফোরণ ঘটতে দেখা যায়। যেখান থেকে ধুয়ার কুণ্ডলী আকাশের দিকে উঠে গেছে। সোমবার এই ছবি সামাজিক যোগযোগ মাধ্যমের যাচাইকৃত অ্যাকাউন্টসহ অসংখ্য অ্যাকাউন্টে কয়েক মিনিটের মধ্যেই দ্রুত ছড়িয়ে পড়ে । এতে বিভ্রান্তি আরও বাড়ে।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ছবিটি ভাইরাল হলে এক পর্যায়ে এ নিয়ে মন্তব্য করতে বাধ্য হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। এক বার্তায় তারা জানায়, বাস্তবে পেন্টাগনের সংরক্ষিত এলাকায় এমন কোনো বিস্ফোরণের ঘটনা বা দুর্ঘটনা ঘটেনি এবং এ থেকে তাৎক্ষণিক কোন বিপদ বা সমস্যাও তৈরি হয়নি।

অন্যদিকে বেলিংক্যাট নামের একটি মার্কিন অনলাইন সংবাদ যাচাইকরণ সংস্থা প্রথমে ভাইরাল হওয়া ভুয়া ওই ছবিটির উল্লেখযোগ্য সমস্যা চিহ্নিত করে। সংস্থাটির পক্ষ থেকে নিক ওয়াটার্স দৃঢ়তার সঙ্গে দাবি করেন, আমি নিশ্চিত যে, ‘পেন্টাগনের কাছে দেখানো বিস্ফোরণের এই ছবিটি ’ কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

তাদের যাচাইয়ে উঠে আসে, পেন্টাগনের মতো এমন একটি ব্যস্ত এলাকায় এত বড় বিস্ফোরণের ঘটনা ঘটলেও তা নিশ্চিত করার জন্য কোন প্রত্যক্ষদর্শী সেখানে ছিল না। এ সমস্যাকে তুলে ধরে ওয়াটার্স এক টুইটার বার্তায় জানান,‘ এ কারণেই এমন একটি ঘটনার বিশ্বাসযোগ্য ভুয়া প্রমাণ তৈরি করা এত কঠিন।’

জেনারেটিভ এআই প্রযুক্তি কয়েক মুহূর্তের মধ্যে এ ধরনের বিশ্বাসযোগ্য ছবি তৈরি করতে পারে। এ ঘটনার ফলে জেনারেটিভ এআই প্রযুক্তি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বলা হচ্ছে, জেনারেটিভ এআই -এর এই সক্ষমতা মিথ্যা তথ্য তৈরি করে সমাজে সমস্যা সৃষ্টি করতে পারে।