প্রতিদ্বন্দ্বিতার আগে ধোনিকে নিয়ে হার্দিকের ভিডিও

আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পান্ডিয়ার অভিষেক ২০১৬ সালে। ততদিনে মহেন্দ্র সিং ধোনি তার ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে। দুজনে একসঙ্গে খেলেছেন ৮৯টি আন্তর্জাতিক ম্যাচে, যেখানে ওয়ানডে ম্যাচ ৫২টি, টি-টোয়েন্টি ৩৭টি। আজ আইপিএলের ১৬তম আসরের প্রথম কোয়ালিফায়ার। সেই ম্যাচের প্রতিপক্ষ অধিনায়ক এই দুজন।

প্রথম কোয়ালিফায়ার ম্যাচে যে দল জিতবে, সেই যাবে ফাইনালে। বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটানসের মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এমন একটা ম্যাচের আগে ধোনিকে শ্রদ্ধা জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে প্রতিপক্ষ গুজরাট। সেই ভিডিওতে গুজরাট অধিনায়ক হার্দিক ‘ক্যাপ্টেন কুল’খ্যাত ধোনিকে প্রশংসায় ভাসিয়েছেন।

ধোনির সঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে হার্দিক এটাও জানিয়েছেন রাশভারী মনে হলেও ধোনি আসলে রসিক মানুষ, ‘আমি মহেন্দ্র সিং ধোনির ভক্ত। মাহিকে ঘৃণা করতে হলে আপনাকে শয়তান হতে হবে। অনেক মানুষই ভাবে মাহি অনেক রাশভারী। আসলে তেমন নয়, মাহি অনেক রসিকতা করে। আর আমি তাঁকে মহেন্দ্র সিং ধোনি হিসেবে দেখি না।’

ধোনির সঙ্গে খুব একটা কথা না বলেও তাঁকে দেখেই অনেক কিছু শিখেছেন হার্দিক, ‘অবশ্যই আমি তাঁর কাছ থেকে অনেক ইতিবাচক জিনিস শিখেছি। সেভাবে কথা না বলেই শুধু তাঁকে দেখেই শিখেছি। আমার কাছে ধোনি আমার প্রিয় বন্ধু, প্রিয় ভাই, যাঁর সঙ্গে মজা করা যায়, রসিকতা করা যায়।’