পৃথিবী ডিজিটাল হওয়ার সঙ্গে কম্পিউটারাইজড নেটওয়ার্কিং ওতপ্রোতভাবে জড়িত। এর সঙ্গে বেড়ে গেছে অনলাইনে ঝুঁকি। সেই ঝুঁকি কমানো এবং প্রতিরক্ষা দিতে ইথিক্যাল হ্যাকারের প্রয়োজন হয়। হ্যাকাররা মূলত কোডিং, প্রোগ্রামিং, কম্পিউটার সফ্টওয়্যার বা হার্ডওয়্যার সিস্টেম পরিবর্তনে অত্যন্ত দক্ষ। সব হ্যাকারই সাইবার ক্রিমিনাল হয় না। একজন ইথিক্যাল বা বৈধ হ্যাকার অনলাইন সংশ্লিষ্ট নিরাপত্তা গবেষক হিসেবেও পরিচিত। ইথিক্যাল হ্যাকার্স তাদের হ্যাকিং দক্ষতা ইতিবাচক উদ্দেশ্যে ব্যবহার করে। যেমন দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সিস্টেমে কোনো ঘাটতি থাকলে বা ক্ষতিকারক হ্যাকারের বিপর্যয়ের সম্মুখীন হলে ইথিক্যাল হ্যাকার টিম তা খতিয়ে সমাধান করার চেষ্টা করে। তবে সেটা অবশ্যই সরকার অনুমোদিত। তারা অনুমতি পেয়ে বিভিন্ন সংস্থায় নিযুক্ত হয়ে অনলাইন নিরাপত্তা উন্নত করতে আইনের সীমানার মধ্যে স্বাধীনভাবে কাজ করে।
ইথিক্যাল হ্যাকার টিম
বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকারস (BBHH), সাইবার সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স (CSI), বাংলাদেশ সাইবার সিকিউরিটি ফোরাম (BCSF), বাংলাদেশ হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি কমিউনিটি (BHC) দেশের স্বনামধন্য ইথিক্যাল প্রতিষ্ঠান। যারা দেশের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে। বিভিন্ন সংস্থার সাইবার নিরাপত্তা ব্যবস্থায় সহায়তা করে। সাইবার নিরাপত্তা সম্মেলন ও ইভেন্টেও অংশগ্রহণ করে। শুধু তাই নয়, নিরাপত্তার অনুশীলন সম্পর্কে বিভিন্ন কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
ব্ল্যাক হ্যাট হ্যাকাস
হ্যাকিং বা হ্যাকার শব্দটির সংজ্ঞায় সাধারণত নেতিবাচক অর্থ দাঁড়ায়। কারণ ম্যালেশিয়াস হ্যাকাররা কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক বা ডেটাতে অননুমোদিত অ্যাক্সেসের অনলাইন কার্যকলাপে নিযুক্ত হয়। সাধারণত তারা নিরাপত্তা আইন লঙ্ঘন করে সংবেদনশীল তথ্য, পরিচয় চুরি বা সিস্টেমের ব্যাঘাত ঘটায়।
বৈধ হ্যাকিংয়ের গুরুত্ব
নৈতিক হ্যাকাররা সক্রিয় নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়নে ভূমিকা পালন করে। অনলাইন আক্রমণ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধারে তাদের প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ। কোড বিশ্লেষণ করে তারা দুর্বল এনক্রিপশন, ইনপুট ভেলিটেশন সমস্যা এবং অন্যান্য কোডিং ত্রুটি শনাক্ত করতে পারে। যা ডেটাবেস, ওয়েব অ্যাপ্লিকেশন এবং স্টোরেজ সিস্টেমের দুর্বলতা চিহ্নিত করে গুরুত্বপূর্ণ তথ্য রক্ষা করতে সাহায্য করে। অনলাইন ঝুঁকিগুলো অনুমান করে আশঙ্কাজনক ক্ষতিগুলো এড়িয়ে যেতে সাহায্য করে। তাদের সক্রিয় দৃষ্টিভঙ্গি দেশে সাইবার আক্রমণের সম্ভাবনা হ্রাস করে এবং বিভিন্ন সংস্থার গ্রাহকের তথ্য, আর্থিক রেকর্ড ও সংবেদনশীল ডেটা জমা রাখে। শুধু তাই নয়, তারা নিরাপদ অনলাইন অনুশীলন সম্পর্কে আগ্রহীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, কর্মশালা এবং সচেতনতা সম্পর্কে জানায়।
হ্যাকিং থেকে বাঁচার উপায়
সফটওয়্যার ও অপারেটিং সিস্টেম আপডেট : আপডেটেড সিস্টেমে সর্বশেষ নিরাপত্তা প্যাচ এবং বাগ ফিক্স থাকে। যেকোনো ধরনের আইডিতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু (2FA) : পাসওয়ার্ড ছাড়াও আপনার মোবাইল ডিভাইসে প্রেরিত অতিরিক্ত কোডের মাধ্যমে যাচাই করে।
ফিশিং প্রচেষ্টায় সতর্ক : সন্দেহজনক ই-মেইল, বার্তা বা লিঙ্কগুলো থেকে সতর্ক থাকা।
স্বনামধন্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহার : আপনার ডিভাইসগুলোকে পরিচিত হুমকি থেকে রক্ষা করতে ভালো অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ইনস্টল এবং নিয়মিত স্ক্যান করা।
হোম নেটওয়ার্ক সুরক্ষিত : Wi-Fi রাউটারে ডিফল্ট ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড পরিবর্তন করুন। নেটওয়ার্ক এনক্রিপশন সক্ষম করুন (যেমন, WPA2 বা WPA3), এবং আপনার নেটওয়ার্কের SSID (নেটওয়ার্কের নাম) গোপন রাখেন, যাতে হ্যাকারদের অননুমোদিত অ্যাক্সেস পাওয়া কঠিন হয়।
পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কে সতর্ক : পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকাকালীন অনলাইন ব্যাংকিং বা ব্যক্তিগত অ্যাকাউন্টের মতো সংবেদনশীল তথ্য অ্যাক্সেস করা এড়িয়ে চলুন, অতিরিক্ত নিরাপত্তা ও গোপনীয়তার জন্য ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করতে পারেন।
নিয়মিত ডেটা ব্যাকআপ : আপনার গুরুত্বপূর্ণ ফাইল এবং ডেটা নিয়মিতভাবে একটি পোর্টেবল হার্ড ড্রাইভ বা ক্লাউড স্টোরেজে ব্যাকআপ করুন। ম্যালওয়্যার আক্রমণ বা অন্যান্য নিরাপত্তা লঙ্ঘনের ক্ষেত্রে ব্যাকআপ থাকা জরুরি।
নিরাপদ ব্রাউজিং অভ্যাস অনুশীলন করুন : ওয়েবসাইট পরিদর্শন করার সময় সতর্ক থাকুন এবং সন্দেহজনক লিঙ্কগুলোতে ক্লিক করা বা অবিশ্বস্ত উৎস থেকে ফাইল ডাউনলোড করা এড়িয়ে চলুন। সাধারণ এই হ্যাকিং কৌশলগুলো সম্পর্কে অবগত থাকুন।
ইথিক্যাল হ্যাকারের চাহিদা
ডিজিটাল প্রযুক্তির ওপর ক্রমবর্ধমান নির্ভরতা ইন্টারনেটে স্ক্যামারদের উৎপত্তি ঘটায়। সে প্রেক্ষাপটে সরকারি কাজে, ব্যবসায়, স্বাস্থ্যসেবায়, শিক্ষাক্ষেত্রে, অনলাইনভিত্তিক শিল্পে নৈতিক হ্যাকারদের উচ্চ চাহিদা রয়েছে। সব অনলাইনভিত্তিক সংস্থাগুলো তাদের ডিজিটাল সম্পদ সুরক্ষিত করতে এবং সাইবার হুমকি থেকে সংবেদনশীল তথ্য রক্ষা করতে ইথিক্যাল হ্যাকারদের প্রয়োজনীয়তা স্বীকার করে। ফলস্বরূপ, সাইবার নিরাপত্তা সেক্টর উন্নত করতে নৈতিক হ্যাকারদের চাহিদা সবসময়ই থাকে। অনেক কোম্পানি বর্তমানে অনলাইনে বাগ বাউন্টি কোর্স অফার করে, যেখানে ইথিক্যাল হ্যাকাররা কোম্পানির সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে দেয়।
তা ছাড়া নৈতিক হ্যাকারদের চাহিদা মেটাতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রোগ্রাম, সার্টিফিকেশন এবং বিশেষায়িত কোর্সের সুবিধা বর্তমানে তৈরি হয়েছে। সামগ্রিকভাবে, নৈতিক হ্যাকারদের মার্কেট ও চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সাইবার নিরাপত্তা ঝুঁঁকি এবং সক্রিয় নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয়তা বিভিন্ন শিল্পে নৈতিক হ্যাকারদের জন্য উল্লেখযোগ্য সুযোগ এবং কাজের ক্ষেত্র তৈরি করেছে।
সীমাবদ্ধতা
যদিও নৈতিক হ্যাকিং দুর্বলতা শনাক্তকরণ এবং নিরাপত্তা বাড়ানোর জন্য খুবই মূল্যবান অনুশীলন, এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইথিক্যাল হ্যাকিং অবশ্যই আইনি সীমার মধ্যে এবং যথাযথ অনুমোদনের সঙ্গে পরিচালিত হয়। যথাযথ অনুমতি ছাড়া, সৎ উদ্দেশ্যমূলক হ্যাকিং কার্যকলাপকেও বেআইনি ধরা হয়।
নৈতিক হ্যাকিং সময়-সীমিত থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হয়।
ইথিক্যাল হ্যাকারদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তারা দায়িত্বের সঙ্গে ডেটা পরিচালনা, ব্যক্তি বা সংস্থার গোপনীয়তা এবং নিরাপত্তার অপব্যবহার করা যাবে না।