হজের আগে ১৮ জুন পর্যন্ত ওমরাহ পালনের সুযোগ

গত ২১ মে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের বরণের মাধ্যমে শুরু হয়েছে এবারের হজ কার্যক্রম। হজযাত্রীদের সুবিধা ও হজ প্রস্তুতির অংশ হিসেবে ১৫ জিলকদ থেকে মহররমের ১ তারিখ পর্যন্ত ওমরাহযাত্রীদের হজের সময় ভিসা দেওয়া হয় না। এবারও আগের নিয়ম বহাল রেখে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৮ জুনের মধ্যে ওমরাহযাত্রীদের মক্কা ছাড়তে হবে। কোনো অবস্থাতেই ওমরাহ ভিসায় হজ পালনের সুযোগ নেই বলেও জানায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এক বিবৃতিতে হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ৪ জুনের (১৫ জিলকদ) মধ্যে ওমরাহ পালনের অনুমোদন দেওয়া হবে। এরপর কেউ ওমরাহ পালনের অনুমোদন পাবে না। তাছাড়া সব ওমরাহযাত্রীকে আগামী ১৮ জুনের (২০ জিলকদ) মধ্যে মক্কা ছেড়ে যেতে হবে।

এদিকে গত ১৫ মে থেকে হজের মৌসুমে মক্কায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরবের জননিরাপত্তা অধিদপ্তর। এ সময় অনুমোদন ছাড়া মক্কায় প্রবেশ করা যাবে না বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

  দৈনন্দিন ইসলাম ডেস্ক