সিন্ডিকেটে বাড়ছে পেঁয়াজের দাম : কৃষিমন্ত্রী

দেশে পেঁয়াজের সংকট নেই, ব্যবসায়ী সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। গতকাল মঙ্গলবার পাবনার সুজানগর উপজেলায় বাজার ও কৃষকের ঘরে পেঁয়াজ মজুদের প্রকৃত অবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের প্রশ্ন কেন এই আশ্বিন-কার্তিক মাস এলেই পেঁয়াজের ঘাটতি হয়, দাম অস্বাভাবিক হয়। পেঁয়াজ নিয়ে কেন নানা রকম রাজনীতি শুরু হয়। ঈদ এলেই পেঁয়াজ ব্যবসায়ীরা নানা ষড়যন্ত্র করে, সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়।

কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ বিবেচনা করে পেঁয়াজ আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা চেষ্টা করছি পেঁয়াজ সংরক্ষণের সময় কীভাবে বাড়ানো যায়। আমরা আধুনিক সংরক্ষণাগার স্থাপন করেছি। আমরা যদি সফল হই তাহলে দেশের চাহিদা মিটিয়ে আমরাই ভারতে পেঁয়াজ রপ্তানি করতে পারব। গত বছর আমাদের কৃষি ভাইয়েরা দাম পায়নি। এ ছাড়া অনেক পেঁয়াজ নষ্ট হয়েছে। এজন্য অনেকেই পেঁয়াজ চাষ করেনি। এতে ২ থেকে ৩ লাখ টন পেঁয়াজ উৎপাদন কম হয়েছে। তিনি বলেন, আমাদের মাঠপর্যায়ের কর্মকর্তারা বিভিন্ন জায়গা পরিদর্শন করে দেখেছেন এখনো পেঁয়াজ ভালো মজুদ আছে, তাই দাম বাড়ার কথা নয়। ক্রেতারা যেন ব্যবসায়ীদের কারসাজিতে বিভ্রান্ত না হয়। আশা করছি সরকারের পদক্ষেপে দাম নিয়ন্ত্রণে চলে আসবে।

যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না এমন প্রত্যাশার কথা জানিয়ে ড. আবদুর রাজ্জাক বলেন, উন্নত দেশ যারা নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে আর যারা নিষেধাজ্ঞার অনুমান করছে তাদের অনুমান করে লাভ নেই। আমার বিশ্বাস যুক্তরাষ্ট্র আর নিষেধাজ্ঞা দেবে না। কারণ তারা দায়িত্ববোধের পরিচয় দেবে। তারা বিবেকবোধের পরিচয় দেবে।

এর আগে কৃষিমন্ত্রী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও উন্নয়ন সংস্থা আশার কারিগরি সহায়তায় স্থাপিত এয়ার ফ্লো চেম্বার সিস্টেমে আধুনিক পেঁয়াজ সংরক্ষণাগার এবং সনাতন পদ্ধতির পেঁয়াজ সংরক্ষণাগার পরিদর্শন করেন।