বিনামূল্যে ১০ শহরে শুরু হচ্ছে ডায়াবেটিস নির্ণয়

দেশের ১০ শহরের ১০ লাখ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় শুরু হচ্ছে আগস্ট থেকে। ‘মোবাইল ডায়াবেটিস সেন্টার’ নামের গাড়িতে ডায়াবেটিস ছাড়াও চোখ, দাঁত, আল্ট্রাসনোগ্রাম, লিপিড প্রোফাইলসহ আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বিনামূল্যে করা হবে। এ সময় যাদের ডায়াবেটিস শনাক্ত হবে চিকিৎসার জন্য তাদের স্থানীয় মেডিকেল কলেজ, ডায়াবেটিস সমিতি বা কাছের হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হবে।

গতকাল মঙ্গলবার রাজধানীর বারডেম হাসপাতাল মিলনায়তনে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. বিশ্বজিৎ ভৌমিক। তিনি বলেন, কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস প্রকল্পের আওতায় আগামী আগস্ট মাস থেকে দেশের আটটি বিভাগীয় শহর এবং গোপালগঞ্জ ও কক্সবাজার শহরে ডায়াবেটিস নির্ণয় ও প্রয়োজনীয় পরামর্শ দিতে যাবে একটি করে গাড়ি।

অনুষ্ঠানে জানানো হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সেন্টার ফর গ্লোবাল হেলথ রিসার্চ ও জাইকার যৌথ উদ্যোগে আগামী দুই বছরে দেশের ১০ লাখ ডায়াবেটিস রোগী স্ত্রিনিংয়ের আওতায় আসবে। এই প্রকল্পের আওতায় ডায়াবেটিস শনাক্তে মানুষের দোরগোড়ায় যাবে গাড়ি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে একটি মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে।

 এ সময় ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, দেশের ৪৩ শতাংশ ডায়াবেটিস রোগী জানেন না তারা ডায়াবেটিসে ভুগছেন। ডায়াবেটিসের কারণে হার্ট বা কিডনির পরিস্থিতি খারাপ হওয়ার পর এ রোগ শনাক্ত হয়। এমন পরিস্থিতিতে মানুষকে স্ত্রিনিং ও ডায়াবেটিস বিষয়ে সচেতন করতে শুরু হচ্ছে ‘কান্ট্রি চেঞ্জিং ডায়াবেটিস’ প্রকল্প।

ডা. বিশ্বজিৎ ভৌমিক বলেন, ‘এই প্রকল্পের আওতায় “ডিআরসি” (ডায়াবেটিস রিস্ক ক্যালকুলেটর) নামে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। অ্যাপটি রক্ত পরীক্ষা ছাড়াই বলে দেবে কোনো ব্যক্তি ডায়াবেটিসের ঝুঁকিতে আছেন কি না। নিবন্ধনকারীর ওজন কত হওয়া উচিত এবং সেই অনুপাতে তাকে দিনে কত ক্যালরি খাবার খেতে হবে তা-ও বলা আছে অ্যাপে। অ্যাপে বিনামূল্যে নিবন্ধনকারীর উপযোগী ডায়েট চার্ট দেওয়া আছে।