দুর্নীতি করলে তার বাহিনীর কোনো সদস্যকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল মঙ্গলবার সকালে নৌ-পুলিশ সদর দপ্তরে নৌ-পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
আইজিপি বলেন, কোনো পুলিশ সদস্যের অপরাধের দায়ভার বাংলাদেশ পুলিশ বহন করবে না। কোনো পুলিশ সদস্য মাদক ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
নৌ-পুলিশ অল্প সময়ের মধ্যে নৌপথে যাত্রী, নৌযান মালিক এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে উল্লেখ করে পুলিশপ্রধান একই সঙ্গে দেশের নৌপথের নিরাপত্তা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে নৌ-পুলিশকে আরও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় নৌ-পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া নৌ-পুলিশের ১৪১টি থানা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
আইজিপি নৌ-পুলিশ সদর দপ্তরে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ ঘুরে দেখেন।